কালবেলা · সাধারণ
ঢাবির সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি ঘোষণা
১৮/১০/২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মুন্সি মুস্তাফিজুর রহমান ডাবলুকে সভাপতি এবং আসাদুজ্জামান পলাশকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গত ১৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া) ফ্লোরে সংগঠনটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামত ও সম্মতির ভিত্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যসচিব এ টি এম আব্দুল বারী ড্যানী আংশিক কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্য পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি বশির আহমেদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম সরকার, সাংগঠনিক সম্পাদক কাফী আব্দুল্লাহ হাকিম সুমন, কোষাধ্যক্ষ মো. ফখরুল ইসলাম খান এবং দপ্তর সম্পাদক আল আমিন মীরা।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাবেক শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং পুনর্মিলনী আয়োজন নিয়ে আলোচনা হয়। বক্তারা সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে মাস্টারদা সূর্যসেন হলের ঐতিহ্য ও গৌরব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
মূল প্রতিবেদনে যান ↗