ওয়ানডে ফরম্যাটে সাম্প্রতিক পারফরম্যান্স কাঙ্ক্ষিত ছিল না বাংলাদেশের। তাই তো ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে সিনিয়র ব্যাটারদের দায়িত্ব নেওয়ার আহবান জানালেন ফরম্যাটটিতে টাইগারদের নতুন অধিনায়ক লিটন কুমার দাস। সিরিজের প্রথম ম্যাচে আজ (শনিবার) সন্ধ্যা সাড়ে ৫টায় আবুধাবিতে বাংলাদেশ ও জিম্বাবুয়ে মুখোমুখি হবে।
আফগানিস্তানের বিপক্ষে নিজেদের শেষ তিনটি ওয়ানডের কোনোটিতেই পুরো ৫০ ওভার খেলতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে জিম্বাবুয়ে সিরিজেও তাদের সংগ্রাম করতে হয়েছে। সেটি স্মরণে রেখে লিটন জানালেন, ‘সিনিয়র খেলোয়াড় হিসেবে আমাদের দায়িত্ব নিতে হবে। আমরা এখানে (আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে) ৫০ ওভার ব্যাট করতে পারিনি এবং জিম্বাবুয়েতেও পারিনি।’
তবে অতীতের ব্যর্থতা নয়, সতীর্থদের ইতিবাচক মানসিকতা বজায় রাখা এবং সামনের চ্যালেঞ্জগুলোর দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘অতীতে যা ঘটেছে তা আমাদের প্রস্তুতির ক্ষেত্রে সাহায্য করতে পারে। কিন্তু আমরা কেবল এই বিষয়টিতে আটকে থাকতে পারি না যে অতীতে আমরা খারাপ খেলেছি এবং ভবিষ্যতেও খারাপ খেলব। আমাদের মানসিকতা ইতিবাচক রাখতে হবে এবং আমরা ইতিবাচকভাবে খেলার চেষ্টা করব।’
এই সিরিজ দিয়ে ওয়ানডেতে অভিষেক হতে পারে রহস্যময় স্পিনার আলিস আল ইসলামের। সেই ইঙ্গিতও মিলেছে লিটনের কথায়, ‘নিশ্চিতভাবে আপনি যদি আলিসের দিকে তাকান, সাদা বলের ক্রিকেটে সে বেশ ভালো করছে। সে নিজেকে প্রমাণ করেছে, বিশেষ করে বাংলাদেশে টি-টোয়েন্টি ফরম্যাটের খেলায়। আমার মনে হয় তাকে দলে রাখার এটাই সঠিক সময়। যদি সে দলের সঙ্গে থেকে অবদান রাখতে পারে, তাতে বাংলাদেশ দল উপকৃত হবে।’
এশিয়ান গেমসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে আলিসের। এর আগে অবশ্য জাতীয় দলে ডাক পেলেও তার অভিষেক হয়নি। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত একটি মৌসুম কাটানোর সুবাদেই আলিস প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন। বাংলাদেশের 'লিস্ট এ' প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ১০ ম্যাচে ২৪ উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি বোলারও।
এএইচএস
