চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আমতলী জগতার পাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম জেলা পরিষদের সহযোগিতায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীনের পক্ষে এসব উপহার ও আর্থিক অনুদান বিতরণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলের নেতাকর্মীরা প্রতিটি পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবেন। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই। আমরা সবাই বাংলাদেশি। প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।
তারা আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। সবাই যেন উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। চট্টগ্রাম সম্প্রীতির এলাকা। এখানে সবাই মিলেমিশে থাকবেন। কোনো ধরনের গুজবে কান না দিয়ে কোনো সমস্যা হলে প্রশাসনকে জানাতে হবে। সবাই যেন আনন্দের সঙ্গে দুর্গোৎসব উদ্যাপন করতে পারেন, সেটিই প্রত্যাশা।
বক্তারা বলেন, উপহার ও আর্থিক অনুদান বিতরণের মাধ্যমে দুর্গাপূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং উৎসব উদ্যাপনে সহযোগিতা করাই এ উদ্যোগের উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শরীফ হোসেন, সাতকানিয়া-লোহাগাড়া স্টুডেন্ট ফোরামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহসভাপতি জোহাইর আল জামী, বড়হাতিয়া ইউনিয়ন যুবদলের নেতা মহিউদ্দিন, ব্যাংকার এস এম ফারুক জাবেদ ও বিএনপি নেতা কাউছির।
এ ছাড়া জগতার পাড়া শ্রীশ্রী দুর্গাপূজা উদ্যাপন কমিটির ২০২৬ সালের উপদেষ্টা কাঞ্চন নাথ, সভাপতি উদয় শংকর নাথ, সহসভাপতি অজয় কুমার নাথ ও সহ-অর্থ সম্পাদক প্রভা কর নাথা উপস্থিত ছিলেন।
এমআর/ এনটি
