খুলনায় পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের দুই হাতের কবজির ওপর চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় করা মামলায় প্রধান আসামি ও ‘পরিকল্পনাকারী’ মিরাজ ওরফে স্পিকার মিরাজ এবং তার সহযোগী ইব্রাহিম গাজীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার কলাবাগান ও সদর থানার টুটপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে এসআরবি-৬ এর একটি দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই ঘটনায় সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী বাহিনী।
এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার মিরাজ (৩৯) খুলনা সদর থানার হাজী মহসিন রোড এলাকার ফারুক মিয়ার ছেলে। ইব্রাহিম গাজী (৪২) টুটপাড়া সরকারপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে। তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সদর থানায় হস্তান্তরের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর পুলিশ পরিদর্শক শাহ আলম খুলনা জেলার সার্কেল অফিস থেকে রিকশায় পুলিশ ক্লাবে যাচ্ছিলেন। পথে মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে তিন ব্যক্তি তার রিকশার গতিরোধ করেন। এ সময় তার কাছে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার পর ধারালো চাপাতি দিয়ে দুই হাতের কবজির ওপর কোপানো হয়। গুরুতর আহত শাহ আলম বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় খুলনা জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. আওয়াল হোসেন বাদী হয়ে খুলনা সদর থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
এসআরবি-৬-এর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার মিরাজের অপরাধের রেকর্ড পর্যালোচনায় খুলনার আড়ংঘাটা ও সদর থানায় গুরুতর আঘাত, চুরি ও ডাকাতির একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। ইব্রাহিম গাজীর বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার তথ্য রয়েছে।
