দ্বীনের দাওয়াত, ঈমানি চেতনার জাগরণ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রত্যাশায় চাঁদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাদ ফজর শহরের পুরানবাজার দোকানঘর এলাকার মেঘনাপাড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়।
ইজতেমায় চাঁদপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিচ্ছেন। তাবলিগ জামাতের আয়োজনে ২২, ২৩ ও ২৪ অক্টোবর তিন দিনব্যাপী এ ইজতেমা অনুষ্ঠিত হবে। এর আগে বিভিন্ন স্থানে পাঁচবার জেলা পর্যায়ে ইজতেমার আয়োজন করা হয়েছে।
মুসল্লিদের অবস্থান ও ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ইজতেমা মাঠে প্যান্ডেলসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা মাঠে আসতে শুরু করেন।
ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাখা হয়েছে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প। পাশাপাশি সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থাও রয়েছে।
আয়োজকদের আশা, তিন দিনের এ ধর্মীয় আয়োজনে চাঁদপুরের বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার মুসল্লি অংশ নেবেন। ইজতেমায় কোরআন-হাদিসের আলোকে দ্বীনি আলোচনা, ঈমান ও আমলের ওপর বয়ান, জিকির-আযকারসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হবে।
তাবলিগ জামাতের চাঁদপুর জেলার জিম্মাদার মো. আরিফ উল্লাহ জানান, বৃহস্পতিবার শুরু হওয়া জেলা ইজতেমা শনিবার (২৪ অক্টোবর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হবে।
তিনি জানান, ধর্মীয় অনুশাসন মেনে জীবন পরিচালনা, আত্মশুদ্ধি এবং মানুষকে দ্বীনের পথে আহ্বান জানানোর উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে।
এমএ
