Published on
:
1 min read
বলিউডে কি অভিনয়শিল্পের চেয়ে পারিশ্রমিক ও তারকাখ্যাতিই বেশি গুরুত্ব পাচ্ছে? প্রবীণ পরিচালক সুভাষ ঘাইয়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে উঠে এসেছে সেই প্রশ্ন। তাঁর মতে, বর্তমান প্রজন্মের অভিনেতাদের কাছে শিল্পের চেয়ে অর্থ উপার্জনের গুরুত্ব বেশি। অথচ একটা সময় অভিনেতারা পরিচালকের ভাবনা, ছবির গল্প এবং নিজের চরিত্রের গুরুত্ব বিচার করেই ছবিতে কাজ করতে রাজি হতেন। সেই সময়ের কথা স্মরণ করে সুভাষ জানিয়েছেন, তাঁর পরিচালিত ছবিতে অভিনয় করতে গিয়ে অনেক তারকাই নিজেদের নির্ধারিত পারিশ্রমিকের মাত্র ৪০ শতাংশ নিতেন।
‘হিরো’, ‘কর্জ’, ‘রাম লক্ষ্মণ’, ‘খলনায়ক’, ‘পরদেশ’ এবং ‘তাল’-এর মতো একাধিক জনপ্রিয় ছবির পরিচালক সুভাষ ঘাই। দীর্ঘ কয়েক দশক ধরে হিন্দি ছবির জগতে কাজ করেছেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই বদলে যাওয়া বলিউড সম্পর্কে নিজের মতামত জানিয়েছেন পরিচালক। ‘স্ক্রিন’-কে দেওয়া সাক্ষাৎকারে তাঁর বক্তব্য, বর্তমানে সিনেমার জগতে বাণিজ্যিক হিসাব অনেক বেশি প্রাধান্য পাচ্ছে। ফলে শিল্পের প্রতি ভালোবাসার জায়গাটি যেন ক্রমশ পিছিয়ে পড়ছে।
সুভাষের কথায়, “বাণিজ্যই এখন সব কিছুর উপরে চলে এসেছে। আজকের প্রজন্মের অভিনেতারা বেশি টাকা উপার্জন করতে চান, শিল্পের প্রতি আগ্রহ তুলনায় কম। আমাদের সময়ে অভিনেতারা শিল্পী হতে চাইতেন। তাঁরা ভাবতেন, টাকা পরেও আসবে।” তাঁর মতে, আগেকার অভিনেতারা ছবিতে কাজ করার সিদ্ধান্ত নেওয়ার সময় পরিচালকের নাম, গল্প এবং চরিত্রকে গুরুত্ব দিতেন। কত টাকা পারিশ্রমিক পাওয়া যাবে, সেটাই তাঁদের একমাত্র বিবেচ্য বিষয় ছিল না।
নিজের ছবিতে অভিনেতাদের পারিশ্রমিকের প্রসঙ্গ টেনে পরিচালক জানান, বহু তারকা তাঁর ছবিতে কাজ করার সময় নির্ধারিত পারিশ্রমিকের মাত্র ৪০ শতাংশ নিতে রাজি হয়েছিলেন। কারণ, তাঁরা চরিত্র এবং গল্পের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। ছবির অংশ হয়ে ওঠা এবং ভালো কাজ করার আগ্রহ তাঁদের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। সেই অভিজ্ঞতার সঙ্গে বর্তমান সময়ের তুলনা টেনেই আক্ষেপ প্রকাশ করেছেন সুভাষ।
