ওবামার হুঁশিয়ারি: সামরিক শক্তিতে মিলবে না ইসরাইলের নিরাপত্তা
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, কেবল সামরিক শক্তির ওপর নির্ভর করে ইসরাইলের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। ফিলিস্তিনিদের প্রতি কোনো ধরনের ছাড় দিতে অস্বীকৃতি জানালে ইসরাইলের নৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়বে বলেও সতর্ক করেছেন তিনি।
মঙ্গলবার উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে পুরস্কারজয়ী লেখক ও সাংবাদিক সুসান ম্যাকের সঙ্গে এক আলোচনায় এসব মন্তব্য করেন ওবামা। আনাদোলু ও বেলফাস্ট টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গাজায় ইসরাইলের চলমান যুদ্ধ প্রসঙ্গে ওবামা বলেন, এ সংঘাতের সহিংসতা সবার জন্যই বেদনাদায়ক হওয়া উচিত। তাঁর মতে, ঐতিহাসিক ক্ষোভ, অনমনীয় মনোভাব এবং গভীর বিভাজনের কারণে সহিংসতার এই চক্র অব্যাহত রয়েছে।
আলোচনায় ইউরোপে ইহুদিদের দীর্ঘদিনের নিপীড়নের ইতিহাসের কথা স্বীকার করেন ওবামা। একই সঙ্গে ফিলিস্তিনিদের ভূমি হারানো এবং তাঁদের প্রতি সংঘটিত অবিচারের বিষয়টিও তুলে ধরেন তিনি। ওবামার বক্তব্য, নিজেদের জমি হারানোর কারণে ফিলিস্তিনিরা স্বাভাবিকভাবেই সেই ভূমি ফিরিয়ে পাওয়ার দাবি জানিয়ে আসছেন।
সহিংসতার চক্র ভাঙতে শক্তিশালী পক্ষের দায়িত্ব বেশি বলে মনে করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তাঁর মতে, শুধু সামরিক সক্ষমতা ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের ওপর নির্ভর করে সংঘাতের স্থায়ী সমাধান সম্ভব নয়।
ইসরাইলের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ওবামা বলেন, দেশটি যদি মনে করে যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ও প্রযুক্তিগতভাবে উন্নত রাষ্ট্র হওয়ার কারণে তারা নিজেদের ইচ্ছামতো পদক্ষেপ নিতে পারবে এবং কাউকে কোনো ছাড় দিতে হবে না, তাহলে তারা নিজেদের নৈতিক অবস্থান হারানোর ঝুঁকিতে পড়বে।
বর্তমান ইসরাইলি সরকার সম্ভবত এমন নীতিই অনুসরণ করছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, প্রায় ৭০ লাখ ফিলিস্তিনি এই অঞ্চলেই বসবাস করবেন। তাঁদের ওপর এমন কোনো শর্ত চাপিয়ে দেওয়া দীর্ঘমেয়াদে টেকসই হবে না, যা অন্য কেউ নিজের ক্ষেত্রে মেনে নিতে প্রস্তুত থাকত না।
এর আগে মঙ্গলবার কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টের পক্ষ থেকে বারাক ওবামাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়।
