নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে চোট পেয়েছেন ঈশান কিশন। তিনি এখনও সিরিজ় থেকে পুরোপুরি ছিটকে যাননি। তবে দ্বিতীয় ম্যাচের আগে এক বিকল্প ক্রিকেটারের নাম জানিয়ে দিল বোর্ড। তাতেই প্রশ্ন উঠছে, তা হলে কি ঈশানের জায়গায় বৈভবকে খেলানো হবে না?
শুক্রবার বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ঈশানের বিকল্প হিসাবে দলে কুমার কুশাগ্রকে নেওয়া হচ্ছে। তবে ঈশানকে পুরোপুরি দল থেকে বাদ দেওয়া হয়নি। স্রেফ বিকল্প হিসাবে রাখা হচ্ছে কুশাগ্রকে। বোর্ড জানিয়েছে, ঈশানের ডান পায়ের পেশিতে চোট লেগেছে। তাই দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না। কুশাগ্র এই মুহূর্তে ভারত এ দলের হয়ে নিউ জ়িল্যান্ড সফরে ক্রাইস্টচার্চে রয়েছেন। সেখান থেকেই সিনিয়র দলে যোগ দেবেন।
বৈভব দ্বিতীয় ম্যাচে খেলবেন কি না, তা নিয়ে এখনও স্পষ্ট ভাবে জানানো হয়নি। যে হেতু কুশাগ্রর আগে ভারতীয় দলে খেলার অভিজ্ঞতা নেই, তাই দ্বিতীয় ম্যাচে খেলার ব্যাপারে বৈভব এগিয়ে। সে ক্ষেত্রে সঞ্জু স্যামসনকে হয়তো নীচের দিকে খেলানো হতে পারে।
ম্যাচের পর ঈশানের চোটের খবর নিশ্চিত করেন ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। পরে ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) জানায়, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারবেন না ঈশান। চোটের জন্যই প্রথম ম্যাচে ভারতীয় দলের ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে হয়। নিয়মিত তিন নম্বরের জায়গার বদলে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ঈশান। কিন্তু সাফল্য পাননি। শনিবারের ম্যাচে তাঁর পরিবর্ত হিসেবে ভারতের প্রথম একাদশে কে সুযোগ পাবেন, তা নিশ্চিত নয়। ম্যাচের দিন সকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ গৌতম গম্ভীর।
কোটাক দ্বিতীয় ম্যাচে ব্যাটিং অর্ডার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। কারণ ঈশান গুরুত্বপূর্ণ তিন নম্বরে ব্যাট করেন। ওপেনারেরা ব্যর্থ হলে আগ্রাসী ব্যাটিং করে পরিস্থিতি সামাল দিতে পারেন। তাই কিছুটা চিন্তায় ভারতীয় শিবির। তিন নম্বরে কে ঈশানের উপযুক্ত বিকল্প হতে পারেন, তা নিয়ে আলোচনা চলছে।
