প্রকাশিত: ১৩:৪৯, ২১ অক্টোবর ২০২৬
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিখোঁজ গৃহবধূ নাজমা বেগম। ছবি: সংগৃহীত
নড়াইলের নড়াগাতী থানার টোনা গ্রামের গৃহবধূ নাজমা বেগম (৩৮) নিখোঁজের এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। স্ত্রীকে খুঁজে না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার স্বামী তরিকুল ইসলাম ও পরিবারের সদস্যরা।
বুধবার (২১ অক্টোবর) সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত নাজমা বেগমের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ নাজমা বেগম নড়াগাতী থানার টোনা গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী। তার বাবার বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামে। তার বাবার নাম সামছুল আলম মিয়া।
জিডি সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর সকালে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যান নাজমা বেগম। এ সময় তিনি নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি বাড়িতে রেখে যান। সঙ্গে নিয়ে যান নগদ ১ লাখ ২০ হাজার টাকা এবং মেয়ের আনুমানিক তিন ভরি স্বর্ণালংকার। বাজারমূল্য প্রায় সাত লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে জিডিতে।
নাজমা বেগমের স্বামী তরিকুল ইসলাম জানান, তার স্ত্রী মাঝে মধ্যে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তেন। নাজমা বাড়ি থেকে চলে যাওয়ার পর বিভিন্ন আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বাড়িতে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় গত ১২ সেপ্টেম্বর, নড়াগাতী থানায় তার স্বামী তরিকুল ইসলাম একটি জিডি করেন। এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও নাজমা বেগমের কোনো খোঁজ মেলেনি।
বুধবার (২১ অক্টোবর) নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন আলী বলেন, “শুনেছি নিখোঁজ নাজমা বেগম মানসিক ভারসাম্যহীন। পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে। তার সন্ধান পাওয়া গেলে পরিবারকে জানানো হবে।”
