সেন্টমার্টিনে ব্লু মেরিন রিসোর্টে শতাধিক সুবিধাবঞ্চিতদের চিকিৎসা সেবা প্রদান, জরুরি ওষুধ, চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বুধবার এক্স নটরডেমিয়ান্স ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ও ব্লু মেরিন রিসোর্ট আয়োজিত ক্যাম্পে বিশেষজ্ঞরা চিকিৎসা সেবা প্রদান করেন।
ক্যাম্পে ব্যথা, হৃদরোগ, পেটের পীড়াসহ বিভিন্ন রোগের প্রয়োজনীয় সেবা ও পরামর্শ নেন রোগীরা। একই সময় তাদের মাঝে জরুরি ওষুধ, স্যানিটারি উপকরণ, কোমর ব্যথার করসেট, ব্যথা নাশক ক্রীম বিতরণ করা হয়। পাশাপাশি কিছু রুগীদের জন্য ব্লাড সুগার ও ইসিজি পরীক্ষা সম্পন্ন করা হয় ।দুই দিন ব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পটি উদ্বোধন করেন এক্স নটরডেমিয়ান্স ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ব্লু মেরিন রিসোর্টের ম্যানেজিং ডিরেক্টর জাফর আহমেদ পাটোয়ারী।
ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহ রেজিস্ট্রার, হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. শাকিল আরিফ চৌধুরী, ব্যথা ফিজিওথেরাপি ও স্পোর্টস ইনজুরি বিশেষজ্ঞ ডা. দলিলুর রহমান।
চিকিৎসা সেবা পেয়ে সেন্টমার্টিনের বিভিন্ন পাড়া থেকে আগত বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি জানান, তারা প্রতিনিয়ত বৈরী আবহাওয়া, জলবায়ুর অভিঘাত এবং চিকিৎসার মতো মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ক্যাম্পে স্থানীয় সংগঠক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
