জমি নিয়ে বিরোধের জেরে বাবাকে হত্যার অভিযোগ, ছেলে আটক
অক্টোবর ১২, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ
মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া নওদাপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বাবা হাবেলকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে সাহাবুলের বিরুদ্ধে। এ ঘটনায় সাহাবুলকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর সাহাবুল বলেন, “আমি কারও কথায় আমার বাবাকে হত্যা করিনি। জমি না দেওয়ার কারণেই আমি আমার পিতাকে হত্যা করেছি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সাহাবুল মাংস কাটার ডাঁসা দিয়ে তাঁর বাবা হাবেলকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই হাবেলের মৃত্যু হয়।
সাহাবুলের দাবি, কয়েক দিন আগে জমিতে ঘাস কাটতে গিয়ে তিনি তিনজনকে ওই জমিতে সার দিতে দেখেন। পরে জানতে পারেন, জমিটি লিজ দেওয়া হয়েছে। এরপর জমি নিয়ে তাঁর মধ্যে ক্ষোভ তৈরি হয়। ঘটনার দিন তিনি বাবার কাছে জমি চেয়েছিলেন। জমি না দেওয়ায় তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে জানান।
খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সাহাবুলকে আটক করে। নিহত হাবেলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
