চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণালংকারসহ মো. শরীফ নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা।
রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টা ৫০ মিনিটে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৩৬-এর ওই যাত্রীকে বিমানবন্দরের অ্যারাইভাল হলের ১ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকায় সন্দেহজনক গতিবিধির কারণে তল্লাশি করা হয়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও কাস্টমসের তল্লাশিতে যাত্রীর হ্যান্ডব্যাগ ও পরনের পোশাক থেকে চুড়ি আকারের ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এ সময় ডিজিএফআই, এনএসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থা এবং বিমানবন্দর কাস্টমসের সদস্যরা উপস্থিত ছিলেন।
আটক মো. শরীফ নোয়াখালীর সেনবাগের বাসিন্দা। তিনি মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ কাফেলার একজন সদস্য বলে জানা গেছে।
উদ্ধার করা স্বর্ণের পরিমাণ নির্ধারণের পর তা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বর্ণ পরিবহনের ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করার কার্যক্রম শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের চলমান রয়েছে।
