সোনাইমুড়ীতে প্রতিবেশীর ঘরের আগুন নেভাতে গিয়ে দগ্ধ যুবকের মৃত্যু
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:১২:১২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রতিবেশীর ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লাগা আগুন নেভাতে গিয়ে দগ্ধ মো. সোহাগ (৪৩) মারা গেছেন।
শনিবার (১০ অক্টোবর) ভোরে ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে ৩ অক্টোবর উপজেলার নদনা ইউনিয়নের পূর্ব কালুয়াই গ্রামের সুলতান চকিদার বাড়িতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন তিনি।
সোহাগ ওই বাড়ির বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার ছেলে। তাঁর তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৩ অক্টোবর সোহাগের দূরসম্পর্কের চাচাতো ভাই সালাউদ্দিনের বসতঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং বাড়ির ছয়টি ঘর পুড়ে যায়। এ সময় অন্যদের সঙ্গে সোহাগও আগুন নেভাতে এগিয়ে যান। একপর্যায়ে ঘর থেকে গ্যাস সিলিন্ডার বের করতে গিয়ে তাঁর শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যায়। পরে তাঁকে ঢাকার বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে সাত দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. আজগর হোসেন সহেল জানান, সোহাগ বেকার ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোনাইমুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার ফায়ার ফাইটার নোমান হোসেন বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সেদিন ছয়টি ঘর পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে সোহাগ দগ্ধ হন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোহাগের মৃত্যুর খবর স্বজনেরা জানিয়েছেন। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার জন্য তাঁরা আবেদন করেছেন। এ বিষয়ে থানা থেকে প্রতিবেদন দেওয়া হয়েছে।
