গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানি থেকে অজ্ঞাত এক নারীর ভাসছিল মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার বনগ্রাম ও ভাতগ্রাম ইউনিয়নের মধ্যবর্তী দুর্গাপুর সড়কের ব্রিজের নিচে পানিতে মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। তবে ওই নারীর পরিচয় এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নারীর পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
