ভোলার মনপুরায় মা ইলিশ রক্ষা অভিযানে পাঁচ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৪৬ কেজি মা ইলিশ জব্দ করেছে কোস্ট গার্ড। পরে জব্দ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের নায়েবের হাট এলাকায় এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এর আগে একই রাতে মেঘনা নদীর মাঝেরঘাট, জনতা, লতাখালী ও খারির খালসহ বেশ কয়েকটি সংবেদনশীল পয়েন্টে ধারাবাহিক অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ড আউটপোস্ট মনপুরার সদস্যরা। অভিযানকালে পাঁচ লাখ মিটার অবৈধ জাল ও ৪৬ কেজি মা ইলিশ জব্দ করা হলেও কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অসাধু জেলেরা পালিয়ে যান।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনায় মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে নিয়মিত টহল ও ঝটিকা অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে বলে কোস্ট গার্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।