তেহরান,১৫ অক্টোবর- ইরানে ভবিষ্যতে সম্ভাব্য হামলার ক্ষেত্রে জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বোমা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন বাহিনী। বিশাল আকৃতির এই বোমাটি ‘মাদার অব অল বোম্বস’ বা ‘মব’ নামে বেশি পরিচিত।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে সিএনএন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানে আবার হামলার নির্দেশ দেন, তাহলে মার্কিন বাহিনী এই বোমা ব্যবহার করবে।
সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর মার্কিন বাহিনী আবারও ইরানে হামলা শুরু করতে পারে।
‘মাদার অব অল বোম্বস’ বা ‘সব বোমার মা’ বিশ্বের বৃহত্তম অ-পারমাণবিক বোমা। মার্কিন অস্ত্রভাণ্ডারে এটি একটি ‘বিশেষ সম্পদ’ হিসেবে বিবেচিত। এই বোমা ব্যবহারের সম্ভাবনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে।
গত কয়েক সপ্তাহ ধরে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিয়ে বিভিন্ন বিকল্প আলোচনা করতে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা একাধিক বৈঠক করেছেন।
একজন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনী কোনো পরিকল্পনা তৈরি করার সময় নীতিনির্ধারকদের জন্য বিভিন্ন ধরনের বিকল্প প্রস্তুত রাখে। এসব বিকল্পের মধ্যে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যায়ের আক্রমণাত্মক পদক্ষেপও অন্তর্ভুক্ত থাকে।
ওই কর্মকর্তা বলেন, মাটির অনেক গভীরে থাকা লক্ষ্যবস্তুতে হামলার জন্য বড় বোমার প্রয়োজন হয়। আর ‘মাদার অব অল বম্বস’ হলো সবচেয়ে বড় বোমা।
সিএনএন জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনা এবং ভূগর্ভে থাকা অন্যান্য স্থাপনার বিরুদ্ধে ‘মাদার অব অল বম্বস’ কতটা কার্যকর হবে, তা নিয়ে ইতোমধ্যে মার্কিন বাহিনীর মধ্যেই প্রশ্ন উঠেছে। সামরিক পরিকল্পনার সঙ্গে যুক্ত একজন কর্মকর্তা সিএনএনকে বলেছেন, ওয়াশিংটনের কৌশলগত লক্ষ্য অর্জনে এই বোমাটি কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জিপিএস-নির্দেশিত এই বোমাটি নয়টি সিটি ব্লকের সমান এলাকা ধ্বংস করতে সক্ষম। তবে এটি পিকাক্স পর্বতের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। ধারণা করা হয়, এসব স্থাপনা গ্রানাইট পাথরের পুরু স্তরের নিচে সুরক্ষিত রয়েছে। এ ছাড়া ইরানের অন্যান্য পারমাণবিক স্থাপনার ক্ষেত্রেও বোমাটি কার্যকর হওয়ার সম্ভাবনা কম।
তবে ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প ‘মাদার অব অল বম্বস’কে মনস্তাত্ত্বিক অস্ত্র হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিতে পারেন।
এস এম/ ১৫ অক্টোবর ২০২৬
