টাঙ্গাইলের নাগরপুরে বিদেশি ফান্ডের প্রজেক্টের কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার চৌবাড়িয়া দেওজান সলিল সড়কের মোছা. ফারজানা আক্তারের বাড়ির সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, উপজেলার দেওজান সলিলের মৃত মোশারফ হোসেনের স্ত্রী মোছা. ফারজানা আক্তার (৩৫), ঘিওরকোল গ্রামের মো. আলমগীর হোসেনের স্ত্রী মোছা. শারমিন আক্তার (৪০), ভারড়া গ্রামের মৃত তাজে উদ্দিনের ছেলে মো. ফারুক মিয়া (৫৫) এবং চৌবাড়িয়া গ্রামের মো. আমিরের স্ত্রী শান্তা বেগম (৩০) সম্মিলিতভাবে একটি প্রতারক চক্র গড়ে তোলেন। তারা বিদেশি ফান্ডের মাধ্যমে প্রজেক্ট তৈরির কথা বলে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক ব্যক্তির কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেন।
ভুক্তভোগীরা আরও জানান, চক্রের সদস্যরা তাদের প্রজেক্টের সদস্য হয়ে ১ লাখ টাকা জমা দিলে প্রথম মাসে ১২ হাজার, দ্বিতীয় মাসে ২০ হাজার এবং তৃতীয় মাসে ৩০ হাজার টাকা লভ্যাংশ দেওয়ার লোভ দেখান। এভাবে প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে প্রতারক চক্রটি পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীরা বাদী হয়ে টাঙ্গাইলের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাগরপুর থানা আমলী আদালতে চক্রের চার সদস্যকে বিবাদী করে পৃথক কয়েকটি মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে মানববন্ধনে বক্তব্য দেন মো. শহিদুল ইসলাম, মো. সোহরাব হোসেন, মোছা. ঝর্ণা বেগম, মোছা. মনোয়ারা বেগম ও মোছা. সুরিয়া বেগম প্রমুখ। বক্তারা অবিলম্বে অভিযুক্তদের আইনের আওতায় এনে তাদের আত্মসাৎ করা অর্থ উদ্ধারের জোর দাবি জানান।
আজকালের খবর/কাওছার আল হাবীব
