আলিপুরে মুদি দোকানে অগ্নিকাণ্ড
-
আজকের বাণী - আপডেট সময়: ০৯:১৯:২০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- ১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার আলিপুরে জামায়াতে ইসলামীর এক কর্মীর মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের ফ্রিজ, টেলিভিশন, পণ্যদ্রব্য ও আসবাবপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। রোববার (১১ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে সদর উপজেলার ৭ নং আলিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কলিমপাড়া এলাকার আলিপুর দীঘিরপাড়ে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানটির মালিক মো. শওকাত আলী। তিনি ওই এলাকার মৃত লোকমান সরদারের ছেলে। দোকানটি বন্ধ থাকা অবস্থায় আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তাঁদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দোকানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মুদি দোকানের আয় দিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করে আসছিলেন শওকাত আলী। অগ্নিকাণ্ডে দোকানের মালামাল পুড়ে যাওয়ায় পরিবারটি আর্থিক সংকটে পড়েছে। খবর পেয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁদের মধ্যে ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য ও আলিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম, ইউনিয়ন আমির মাওলানা মাহমুদুন্নবী এবং ইউনিয়ন সেক্রেটারি জয়নাল আবেদিন। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁরা জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। দোকানে আগুন লাগার খবর পেয়ে থানার ডিউটি অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং এটি পরিকল্পিত অগ্নিসংযোগ কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ট্যাগস:

জনপ্রিয় সংবাদ


