হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে গতকাল সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে গিয়ে তিনি স্থানীয় সরকার মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রীর স্ত্রী অ্যাডভোকেট রোকসানা খন্দকার উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য জানিয়েছেন।
প্রেস উইং থেকে জানানো হয়, এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারসহ চিকিৎসকরা আবদুল মঈন খানের সর্বশেষ অবস্থা রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এর আগে গত বুধবার বুকে ব্যথা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মঈন খান। তিনি শ্বাসকষ্ট ও হৃদরোগে ভুগছেন। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। গত বৃহস্পতিবার স্থানীয় সরকারমন্ত্রীকে দেখতে হাসপাতলে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
এদিকে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারম্যানের
উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে যান দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টার একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল বলেন, মির্জা আব্বাস ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। চিকিৎসকদের কাছ থেকে তার অবস্থা সম্পর্কে অবহিত হয়েছেন এবং ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন।
ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন গণমাধ্যমকে জানান, কয়েক দিন ধরেই মিজানুর রহমান মিনু অসুস্থ বোধ করছিলেন। গত মঙ্গলবার তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন। এরপর বুধবার সকালে অসুস্থতা বোধ করলে তাকে প্রথমে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর পরদিন উন্নত চিকিৎসার জন্য মিজানুর রহমান মিনুকে ঢাকায় নিয়ে আসা হয়।
