Published on
:
1 min read
এই সময়: দুর্গাপুজোর আগে নতুন রূপ নিচ্ছে তিলোত্তমা। পুর ও নগরোন্নয়ন দপ্তরের উদ্যোগে গড়িয়াহাট ব্রিজ, রেড রোডের ইডেন গার্ডেন্সমুখী অংশ এবং চিংড়িঘাটা ব্রিজে রামধনু রঙ করা হয়েছে। সেতুগুলির এই নতুন সাজ ঘিরে সামাজিক মাধ্যমে সরকারি অর্থ অপচয় নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই।
মঙ্গলবার সেই প্রশ্নের জবাব দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, ‘গড়িয়াহাট ব্রিজ, রেড রোড ও চিংড়িঘাটা ব্রিজের এই সৌন্দর্যায়নের কাজ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর)–এর আওতায় করা হয়েছে। এর জন্যে সরকারি অর্থ ব্যয় হয়নি।’
মন্ত্রীর মন্তব্য, ‘এক সময়ে ডিজাইনার হিসেবে মানুষের সাজসজ্জা ও সৌন্দর্য নিয়ে কাজ করতাম। পুর ও নগরোন্নয়ন দপ্তরের দায়িত্বে থেকে সেই সৌন্দর্যবোধেই শহরকে নতুন ভাবে সাজিয়ে তোলার কাজে লাগাতে চেয়েছি। শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিকে আরও আকর্ষণীয় করে তোলা এবং দুর্গাপুজোর আবহে নাগরিকদের জন্যে এক নতুন অভিজ্ঞতা তৈরি করার জন্যেই এই কাজ করা হয়েছে।’
তবে রাস্তায় রঙের ক্ষেত্রে আন্তর্জাতিক বিধি, ইন্ডিয়ান রোড কংগ্রেসের নিয়ম ভাঙারও অভিযোগ উঠেছে। উজ্জ্বল রামধনু রঙে গাড়ি–চালকের চোখ ধাঁধিয়ে যাওয়ার পাশাপাশি রাস্তার সঙ্গে গাড়ির চাকার ঘর্ষণের বিপজ্জনক পরিবর্তনের আশঙ্কা জানিয়ে প্রদেশ কংগ্রেসের তরফে আশুতোষ চট্টোপাধ্যায় চিঠিও দিয়েছেন পুরমন্ত্রী ও কলকাতার পুর–কমিশনারকে।
