জকিগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের জকিগঞ্জে ব্যাটারিচালিত দুই অটোরিকশার সংঘর্ষে হেলাল উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের সুলতানপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের কাচারচক গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। তিনি একটি অটোরিকশার যাত্রী ছিলেন। পারিবারিক জীবনে হেলাল নিঃসন্তান।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সোমবার বাবুর বাজারে সাপ্তাহিক হাট ছিল। হাট থেকে গরু নিয়ে যাওয়ার সময় এক গরুর মালিকের অবহেলায় একটি গরু হঠাৎ সড়কের মাঝখানে চলে আসে। এ সময় গরু বাঁচাতে গিয়ে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ হয়। এতে হেলাল উদ্দিনসহ অন্তত সাতজন আহত হন। আহত সবার নাম ঠিকানা তাৎক্ষণিক পাওয়া যায় নি।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে হেলাল উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে সিলেটে নেওয়ার প্রস্তুতিকালে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত হেলাল উদ্দিনের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রস্তুতি চলছে।
