কিশোরগঞ্জের ভৈরবে দুই ভাইকে কুপিয়ে ১৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে পৌর শহরের চন্ডিবের এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুই ভাই হলেন নুরুল হক (৪৫) ও মাসুদ রানা (৪০)। তাদের মধ্যে নুরুল হকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আহত দুই ভাই চন্ডিবের এলাকার খাঁজা স্টিল ইন্ডাস্ট্রিজের মালিক। কারখানাটিতে গুনা (লোহার তার) উৎপাদন করা হয়। তারা ওই এলাকার মৃত শহিদ মিয়ার ছেলে।
নুরুল হকের অভিযোগ, স্থানীয় মোহাম্মদ আলী ও তার ছেলেসহ কয়েকজন তাদের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন। প্রথম দিকে ভয়ে মাঝেমধ্যে চাঁদা দিলেও সম্প্রতি মোটা অঙ্কের টাকা দাবি করায় তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এর জেরে আজ দুপুরে তাদের ওপর হামলা চালানো হয়।
নুরুল হক জানান, দুপুর দুইটার দিকে তারা দুই ভাই কারখানা থেকে ১৬ লাখ টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এ সময় মোহাম্মদ আলী, তার ছেলেরা এবং তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। হামলাকারীরা দা দিয়ে তাদের হাত-পায়ে কুপিয়ে গুরুতর জখম করেন। একপর্যায়ে তারা মাটিতে পড়ে গেলে টাকার ব্যাগটি নিয়ে হামলাকারীরা পালিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।
পরে স্বজনেরা তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নুরুল হকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক। তার ছোট ভাই মাসুদ রানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহত দুই ভাইয়ের দুলাভাই মো. রবিন মোল্লা বলেন, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে তার শ্যালকদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর আজ দুপুরে তাদের ওপর হামলা চালানো হয়।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল করিম বলেন, ‘আহত দুই ভাইয়ের মধ্যে নুরুল হকের দুই পায়ে গুরুতর আঘাত রয়েছে। তার একটি পা ভেঙে গেছে। এ কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মাসুদ রানার হাত ও পায়েও গুরুতর আঘাত রয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
অভিযোগের বিষয়ে মোহাম্মদ আলী ও তার সঙ্গীদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) আসিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ওসির নির্দেশে পুলিশ হাসপাতালে গিয়ে আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
