সামরিক শক্তি প্রদর্শন এবং তেহরানকে নিবৃত্ত করার উদ্দেশ্যে সোমবার কয়েক ডজন ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের সীমান্ত পর্যন্ত উড়ে যায়। বুধবার ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
প্রতিবেদন অনুযায়ী, এই মহড়ায় যুদ্ধবিমান ও জ্বালানি সরবরাহকারী বিমান অংশ নেয়। বিমানগুলো ইসরায়েল থেকে ৮০০ মাইলেরও বেশি পথ পাড়ি দিয়ে সিরিয়া ও ইরাকের আকাশসীমা অতিক্রম করে। এই উড্ডয়নপথ ইরানে সম্ভাব্য হামলার জন্য ব্যবহৃত হতে পারে—এমন পথের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল।
বিমানগুলো ইরানের সীমান্তের কাছাকাছি পৌঁছানোর পর ঘুরে যায় এবং ইসরায়েলে ফিরে আসে। অ্যাক্সিওস জানিয়েছে, ইসরায়েল আগেই যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে অবহিত করেছিল। ইসরায়েলি কর্মকর্তারা অভিযানটিকে একটি প্রশিক্ষণ মহড়া হিসেবে বর্ণনা করেন, যার উদ্দেশ্য ছিল ২৭ অক্টোবরের ইসরায়েলি নির্বাচনের আগে ইরানকে ইসরায়েলে হামলা চালানো থেকে বিরত রাখা।
মার্কিন কর্মকর্তারা বলেন, ইসরায়েল জানত যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিমানগুলো শনাক্ত করতে পারবে। অ্যাক্সিওসকে কয়েকজন মার্কিন কর্মকর্তা জানান, তাদের ধারণা হয়েছিল, ইসরায়েল আশা করছিল ইরান যুদ্ধবিমানগুলো লক্ষ্য করে গুলি চালাবে। এতে ইসরায়েলের পাল্টা হামলা চালানোর সম্ভাব্য অজুহাত তৈরি হতে পারত।
তবে অন্য কয়েকজন ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তা এই বিমান অভিযানকে অস্বাভাবিক কিছু নয় বলে বর্ণনা করেছেন। তাদের মতে, এর উদ্দেশ্য ছিল ইরানকে হামলা থেকে নিবৃত্ত করা।
