কবি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ ‘রূপসী বাংলা’ নিয়ে পাঠচক্রের আসর করেছে মিরপুর বন্ধুসভা। ৯ অক্টোবর বিকেলে রাজধানীর মিরপুর রূপনগরের আরামবাগ ঈদগাহ মাঠে এই আসর বসে।
পাঠচক্র শেষে জীবনানন্দ দাশের সাহিত্য ও জীবন, বাংলাদেশ এবং সমসাময়িক বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চারজনকে বিজয়ী ঘোষণা করে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টারা।
উপদেষ্টা অপূর্ব বড়ুয়া বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর বিনোদন ও ব্যস্ততার কারণে অনেকের মধ্যে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা কঠিন হয়ে পড়ছে। বইপাঠ মানুষের চিন্তাশক্তি, কল্পনাশক্তি ও বিশ্লেষণী ক্ষমতা বিকাশে সহায়তা করে।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক অভি মল্লিক বলেন, মিরপুর বন্ধুসভা দীর্ঘদিন ধরে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করা এবং সৃজনশীল ও মানবিক মূল্যবোধ চর্চায় উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।
বন্ধু জিতু সিংহ বলেন, পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতার মতো আয়োজনের মাধ্যমে সাহিত্য, সংস্কৃতি ও সমসাময়িক বিষয় নিয়ে জানার এবং ভাবনার একটি সুযোগ তৈরি হলো। নিয়মিত এমন উদ্যোগ অব্যাহত থাকলে তরুণদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ার পাশাপাশি বাংলা সাহিত্য ও সমসাময়িক বিষয় সম্পর্কে জানার পরিধি বিস্তার হবে।
