আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামন রেখে আবারও ভোটার এলাকা পরিবর্তনের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন করা যাবে।
শনিবার (১৭ অক্টোবর) এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা। ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা মাঠ কর্মকর্তাদের বাস্তবায়নের জন্য নির্দেশনাও দিয়েছে সংস্থাটি।
নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিল, ইস্যুকরণ এবং দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তিকরণ সংক্রান্তে বিস্তারিত সময়সূচি নির্বাচন কমিশন নির্ধারণ করেছেন।
আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ৩১ অক্টোবর। দাখিলকৃত আবেদনসমূহ ইস্যুকরণের শেষ তারিখ ৩ নভেম্বর। ভোটার স্থানান্তরের জন্য দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তির শেষ তারিখ ৫ নভেম্বর।
নির্দেশনায়, সময়সূচি অনুযায়ী স্থানান্তরের আবেদনসমূহ নিষ্পত্তিকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ কর্মকর্তাদের বলা হয়েছে।
এর আগে, গত ১০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছিল সংস্থাটি। পরে স্থানীয় নির্বাচন পিছিয়ে যাওয়া ভোটার স্থানান্তর কার্যক্রম চালু করে গত ২৩ সেপ্টেম্বর চিঠি জারি করে। এরপর আজ আবার এ কার্যক্রম বন্ধের ঘোষণা দিলো সংস্থাটি।
