চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকে ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণালঙ্কার জব্দ করেছে বিমানবন্দরের ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস কর্তৃপক্ষ।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১টা ৫০ মিনিটে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৩৬-এর এক যাত্রী অ্যারাইভাল হলের ১ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকা পার হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। এ সময় বিমানবন্দরের গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ ওই যাত্রীকে তল্লাশি করে।
তল্লাশির সময় ওই যাত্রীর হ্যান্ড ব্যাগেজ ও জামা থেকে ১ হাজার ৪৮২ গ্রাম ওজনের স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. শরীফ নামে ওই যাত্রীকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি নোয়াখালীর সেনবাগে। তিনি ‘মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ কাফেলা’র একজন সদস্য।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণ থেকে ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে।
