শিগগিরই প্যারিস একটি মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১১:২২ এএম
আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ১১:৩৪ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
-->ফ্রান্সে চলমান তীব্র সহিংসতা ও ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর অভিবাসন নীতির কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, ফ্রান্স যদি দ্রুত তাদের সীমান্ত বন্ধ না করে, তবে খুব শীঘ্রই প্যারিস একটি মুসলিম শহরে পরিণত হবে।
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া নজিরবিহীন সহিংসতার ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে ট্রাম্প এই মন্তব্য করেন।
সোমবার (১৯ অক্টোবর) হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি বহু আগেই প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে অতিরিক্ত মাত্রায় অভিবাসী প্রবেশ করানোর ভুল নীতি থেকে সরে আসার সতর্কবার্তা দিয়েছিলেন।
আরও পড়ুন
ট্রাম্প আরও দাবি করেন, ফ্রান্স যেভাবে বিশ্বজুড়ে মানুষকে অবাধে প্রবেশাধিকার দিয়েছে, তার ফলে দেশটির জনমিতি এবং ঐতিহ্য চরম ঝুঁকির মুখে পড়েছে। ইউরোপ যদি এখনই তাদের সীমান্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ না করে এবং অপরাধী বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়, তবে পুরো ইউরোপের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। সূত্র: এনডিটিভি
আজহার/
আরও পড়ুন
ইরানে কি নতুন হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৫ এএম
আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ১১:০৭ এএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
-->যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইসরায়েল সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক গোপন ও অলিখিত বৈঠক করেছেন। কোনো পূর্বঘোষণা ছাড়াই আকস্মিক এই বৈঠকের পর থেকেই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর নতুন করে ইরানে হামলা চালানোর আশঙ্কা নিয়ে তোলপাড় শুরু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) পিট হেগসেথ ও বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এই উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কিংবা ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস-কোনো পক্ষই এই বৈঠকের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তথ্য রয়েছে যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় সক্রিয় করার উদ্যোগ নিচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করার পরপরই মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এই আকস্মিক সফর বেশ তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন
সম্প্রতি পেন্টাগন দেশটির সেন্ট্রাল কমান্ডকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য বড় ধরনের সামরিক অভিযানের জন্য প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বলে খবর পাওয়া গেছে। ফলে হেগসেথ ও নেতানিয়াহুর এই গোপন বৈঠকটি দুই দেশের যৌথ সামরিক কৌশল বা ইরানে নতুন করে বিমান হামলার চূড়ান্ত পরিকল্পনার অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: এনডিটিভি
আজহার/
আরও পড়ুন
জরুরি অবস্থা জারি করতে প্রস্তুত ফরাসি প্রধানমন্ত্রী লেকর্নু
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ এএম
আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ১০:৩১ এএম
ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। ছবি: সংগৃহীত
-->ফ্রান্সে চলমান সহিংসতা ও ব্যাপক লুটপাট নিয়ন্ত্রণে প্রয়োজনে জরুরি অবস্থা জারি করতে প্রস্তুত রয়েছেন বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু।
সোমবার (১৯ অক্টোবর) এক জরুরি বৈঠক শেষে তিনি এ কথা জানান। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে শুরু হওয়া এই অসন্তোষ আগামী প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েক মাস আগে ফরাসি সরকারের জননিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতাকে চরম চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
প্রধানমন্ত্রী লেকর্নু জানান, জনশৃঙ্খলা ফিরিয়ে আনতে তিনি সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারির বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না। তবে বর্তমান সংকট মোকাবিলায় পুরো দেশে জরুরি অবস্থার চেয়ে নির্দিষ্ট অঞ্চলগুলোতে রাত্রিকালীন কার্ফু জারি করাকেই বেশি কার্যকর পদক্ষেপ বলে মনে করছেন তিনি। ব্যবসায়ীদের সুরক্ষায় স্থানীয় প্রশাসনকে সোমবার রাত থেকেই আংশিক কার্ফু বলবৎ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বাণিজ্য ও ক্ষুদ্র ব্যবসা মন্ত্রী সার্জ পাপিন জানিয়েছেন, সাম্প্রতিক এই সহিংসতায় অন্তত ৩ হাজার ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় একটি বিশেষ তহবিল গঠনসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন।
এদিকে সপ্তাহান্তে কয়েকটি শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার দায় স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী লরেন নুয়েজ সোমবার পদত্যাগের প্রস্তাব দিলেও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তা প্রত্যাখ্যান করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সোমবার সন্ধ্যা থেকেই সংঘাত ও লুটপাট ঠেকাতে রাস্তায় অতিরিক্ত পুলিশ ও জেন্ডারমেস (প্যারা মিলিটারি) মোতায়েনসহ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আগামী বছরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে চরম বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ‘অতি-বামপন্থি’ গোষ্ঠীগুলোকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী লেকর্নু। তিনি অভিযোগ করেন, নির্বাচনি পরিবেশ বিনষ্ট করে নির্ধারিত সময়ে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠান অনিশ্চিত করার পাঁয়তারা চালাচ্ছে একটি গোষ্ঠী। সূত্র: ফ্রান্স ২৪
আজহার
আরও পড়ুন
ইরানকে অর্থনৈতিক-সামরিকভাবে আঘাত করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৯:২৭ এএম
আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ১১:৩৭ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
-->যুক্তরাষ্ট্র ইরানকে অর্থনৈতিক ও সামরিকভাবে ব্যাপক আঘাত করে চলছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চলমান সংঘাতে ইরানের পক্ষ না নেওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেছেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের হামলার কারণে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হলে হরমুজ প্রণালীর তলদেশে থাকা যোগাযোগ কেবলগুলোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে ইরান।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের হামলার কারণে ইরানের আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়লে হরমুজ প্রণালীর তলদেশে থাকা যোগাযোগ কেবলগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।’
আরও পড়ুন
এদিকে ইয়েমেনের শাবওয়াহ গভর্নরেটে একটি প্রশিক্ষণকেন্দ্রে রিক্রুটদের সমাবেশ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০০ জনের বেশি। গভর্নরের দেওয়া তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
অন্যদিকে, গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় দুই শিশুসহ অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসাসংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র: আল-জাজিরা
অলি/
আরও পড়ুন
মধ্যবর্তী নির্বাচনের আগে সর্বনিম্ন পর্যায়ে ট্রাম্পের জনপ্রিয়তা
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫১ এএম
আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫২ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
-->আসন্ন মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের ঠিক দুই সপ্তাহ আগে এক ধাক্কায় রেকর্ড সর্বনিম্ন ৩১ শতাংশে নেমে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা।
মঙ্গলবার (২০ অক্টোবর) রয়টার্স ও ইপসোস-এর যৌথ উদ্যোগে পরিচালিত এক সাম্প্রতিক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে।
জ্বালানি তেলের লাগামছাড়া দাম বৃদ্ধি এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় ক্রমবর্ধমান ঘাটতি নিয়ে সাধারণ আমেরিকানদের তীব্র অসন্তোষই প্রেসিডেন্টের জনসমর্থনে এই ধসের প্রধান কারণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আরও পড়ুন
জরিপের ফলাফলে দেখা গেছে, দেশটির প্রায় ৬৮ শতাংশ নাগরিক ট্রাম্প প্রশাসনের বর্তমান অর্থনৈতিক নীতি ও পদক্ষেপের প্রতি তীব্র অনাস্থা প্রকাশ করেছেন। এমনকি খোদ নিজ দল রিপাবলিকান পার্টির ভোটারদের মধ্যেও প্রায় ৩৭ শতাংশ সমর্থক ট্রাম্পের অর্থনৈতিক পরিচালনার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের এই জনপ্রিয়তার ধস আসন্ন ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে বিরোধী দল ডেমোক্র্যাটদের বড় ধরনের সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছে। নিবন্ধিত ভোটারদের মধ্যে ৪৭ শতাংশ ডেমোক্র্যাট প্রার্থীদের সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন, যার বিপরীতে রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন মাত্র ৩৫ শতাংশ। ১২ পয়েন্টের এই ব্যবধান বর্তমান নির্বাচনী চক্রে ডেমোক্র্যাটদের জন্য এখন পর্যন্ত সর্বোচ্চ এগিয়ে থাকা অবস্থান।
তাছাড়া নারী ভোটারদের মধ্যেও দলটির প্রতি সমর্থন উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। জনমত জরিপ অনুযায়ী, অন্তত ৫০ শতাংশ নারী ভোটার ডেমোক্র্যাটদের ভোট দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন, যেখানে রিপাবলিকানদের ঝুলিতে রয়েছে মাত্র ৩২ শতাংশ নারীর সমর্থন।
বিশ্লেষকদের মতে, ভোটারদের এই তীব্র ক্ষোভ ও অসন্তোষ আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির জন্য কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার লড়াইকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
আজহার/
