কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে সাতটি অবৈধ ড্রেজার জব্দ করা হয়েছে। এ সময় প্রশাসন ও পুলিশের উপস্থিত টের পেয়ে স্যালো ইঞ্জিনচালিত নৌকায় থাকা আরও তিনটি ড্রেজার মেশিন নিয়ে পালিয়ে যায় বালুখেকোরা।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় দুধকুমার নদে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিলুর রহমানে নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম, রুহুল আমিন, আইজুল হক ও সোহেল রানার নেতৃত্বে প্রভাবশালী একটি মহল ইসলামপুর গ্রামের দুধকুমার নদে ১০টি অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। নদের তীর রক্ষা বাঁধের খুব কাছ থেকে বালু উত্তোলন করায় মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে তীর রক্ষা বাঁধ। এতে ভাঙন আতঙ্কে দিন পার করছিলেন স্থানীয়রা।
খবর পেয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় সাতটি ড্রেজার মেশিনের মধ্যে পাঁচটি থানায় নিয়ে আসা হয়। অপর দুটি মেশিন পানিতে থাকায় ইউপি সদস্য আবদুল কালামের জিম্মায় রাখা হয় এবং পরবর্তীতে থানায় জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।
এ বিষয়ে জামিলুর রহমান জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
