অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট দাখিল
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১২:২২ পিএম
ছবি: সংগৃহীত
-->কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের পুত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতীম (১৩) হত্যা মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) চার্জশিট দাখিল করা হয় বলে শুক্রবার গণমাধ্যমকে জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
মোবাইল ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় অপ্রতীমকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয় বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় সাইফুল ইসলাম তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ ও কামরুল হাসানকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া পরিকল্পনায় জড়িত ছিল সিয়াম।
আরও পড়ুন
পুলিশের তদন্তে বলা হয়েছে, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে অপ্রতীমকে সঙ্গে নিয়ে লালমাই পাহাড় সংলগ্ন সানন্দা এলাকার পাহাড়ঘেরা নির্জন বনে যায় তুহিন। সেখানে অপ্রতীমের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সে বাধা দেয়। এ নিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে তুহিন প্রথমে এবং পরে ফাহাদ ও কামরুল লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। এতে অপ্রতীমের মৃত্যু হয় বলে তদন্তে উঠে এসেছে।
তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, অপ্রতীমের মরদেহ উদ্ধারের পর আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার সঙ্গে থাকা তুহিনকে শনাক্ত করা হয়। পরে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে ফাহাদ ও কামরুলকে আটক করা হয়। তুহিনের বাসায় অভিযান চালিয়ে অপ্রতীমের ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অপ্রতীমের মৃত্যু নিশ্চিত হওয়ার পর তার মোবাইল ফোন নিয়ে তুহিন, ফাহাদ ও কামরুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নিহত অপ্রতীম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার মোবাইল ফোন ব্যবসার সঙ্গে জড়িত। তিনি এই মামলার বাদী।
ফিরোজ শাহরিয়ার বলেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার কথা জানান। আদালত দ্রুত সময়ের মধ্যে খুনিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করবে সেই আশা করছি। বয়সের ফাঁরাকে যেন আসামিরা বেরিয়ে যেতে না পারে।’
জহির শান্ত/তামান্না রুপা/
আরও পড়ুন
চাঁদপুরে ইলিশ শিকারের দায়ে ২০ জেলের কারাদণ্ড
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১২:০১ পিএম
ছবি: খবরের কাগজ
-->চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২০ জেলেকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড এবং জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদার নেতৃত্বে জেলা টাস্ক ফোর্সের আওতায় অভিযান পরিচালিত হয়।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- শুক্কুর শেখ (২৫), মফিজ গাজী (৬০), সাব্বির গাজী (১৮), ফরহাদ গাজী (১৯), হাবিব খান (২০), তোফাজ্জল হোসেন (৫৫), সিয়াম পাটওয়ারী (২২), আলমগীর হাওলাদার (২৫), শহিদ গাজী (২৬), মো. আব্বাস (৪০), রিপন মিয়াজী (২০), মো. মাসুদ (৪১), নুর মোহাম্মদ (৩৫), দেলু সরদার (৪৫), মো. শাকিল (১৯), কালু খান (৩০), মো. হাবিব (৩৫), মো. হাবিব খান (৪০), মো. বারেক (২৮) ও মো. রবিউল ইসলাম (১৯)। এ সব জেলেদের বাড়ি সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
আরও পড়ুন
অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘অভিযানকালে ২০ জেলে আটক, ৩০ কেজি ইলিশ, ৩৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩ ইঞ্জিন চালিত মাছ ধরার কাঠের নৌকা জব্দ করা হয়।’
আটক ২০ জেলের মধ্যে ১৩ জনকে ১০ দিন করে সশ্রম কারাদণ্ড ও ৭ জনকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড এবং জনপ্রতি এক হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জব্দ ইলিশ এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ এবং নৌকা কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়। জব্দ জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে দেওয়া হয়।
ফয়েজ আহমেদ/তামান্না রুপা/
আরও পড়ুন
চকরিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৫ এএম
আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, ১২:১৮ পিএম
ছবি: খবরের কাগজ
-->কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সবজিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে আবদুল্লাহ (২৭) এবং চকরিয়া উপজেলার রামপুরা এলাকার মো. দুলালের ছেলে মো. ইয়াছিন (৩০)। তারা দুজনই পিকআপ ভ্যানটিতে ছিলেন।
আরও পড়ুন
স্থানীয়রা জানান, পিকআপ ভ্যানটি চকরিয়া থেকে টেকনাফের রোহিঙ্গা শিবিরে সবজি নিয়ে যাচ্ছিল। পথে চকরিয়া থেকে কক্সবাজারগামী পিকআপটির সঙ্গে চট্টগ্রামগামী শ্যামলী এন আর পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনায় আবদুল্লাহ ও ইয়াছিন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মালুমঘাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়া জানান, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের কারণে তাদের মৃত্যু হয়েছে। বাসটি দ্রুত ও বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ ভ্যান থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তারেকুর রহমান/অলি/
আরও পড়ুন
মানিকগঞ্জে বাকপ্রতিবন্ধীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪৩ এএম
ছবি: সংগৃহীত
-->মানিকগঞ্জের ঘিওরে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি শামসুল (৪৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর এস কে এম সাদমান হোসেন।
এর আগে, গতকাল বৃহস্পতিবার উপজেলার বানিয়াজুরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি-৪, সিপিসি-৩, মানিকগঞ্জের একটি আভিযানিক দল।
আরও পড়ুন
গ্রেপ্তার শামসুল ঘিওর উপজেলার শিমুলিয়া গ্রামে বাসিন্দা।
মামলা ও র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে জানা যায়, গত ২ অক্টোবর সন্ধ্যা সাতটার দিকে ভুক্তভোগী নারীর বাবা চা খেতে পাশের বাজারে যান। এ সময় বাড়িতে একা ছিলেন ওই নারী। রাত সাড়ে আটটার দিকে শামসুল তাদের বাড়িতে গিয়ে মোবাইল ফোন দেখানোর কথা বলে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। চলে যাওয়ার সময় কাউকে বিষয়টি না জানানোর জন্য তাকে ভয়ভীতি দেখানো হয়।
পরে ওই নারীর বাবা বাড়িতে ফিরলে তিনি তাকে ঘটনাটি জানান। বিষয়টি স্থানীয় লোকজনকে জানানো হলে তারা ঘিওর থানা-পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারীকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় ঘিওর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। মামলাটি ১৩ অক্টোবর করা হয় বলে র্যাবের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মেজর এস কে এম সাদমান হোসেন জানান, গ্রেপ্তারের পর শামসুলকে ঘিওর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আসাদ জামান/খাদিজা রুমি/
আরও পড়ুন
ঝালকাঠিতে ডা. জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১০:২১ এএম
ছবি: খবরের কাগজ
-->জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে বক্তব্য দেওয়ায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা দিয়েছে ঝালকাঠি প্রেসক্লাব ও ঝালকাঠি সাংবাদিক ইউনিয়ন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ঝালকাঠি প্রেসক্লাবের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘আজকের এই সম্মাননা আমার জীবনের একটি বিশেষ মুহূর্ত হয়ে থাকবে। এ সম্মাননার জন্য আমি ধন্য ও কৃতজ্ঞ।’
আরও পড়ুন
জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘এবারের অধিবেশন বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ ছিল। আগের সরকারের সময় বড় প্রতিনিধিদল নিয়ে অধিবেশনে অংশ নেওয়া হলেও বর্তমান সরকার তুলনামূলক কমসংখ্যক প্রতিনিধি নিয়ে অংশ নিয়েছে।’ সেই প্রতিনিধিদলের একজন হিসেবে তিনিও অধিবেশনে যোগ দেন।
স্বাস্থ্যব্যবস্থার পরিবর্তন পরিকল্পনা তুলে ধরে ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘আমরা প্রথমবারের মতো স্বাস্থ্যব্যবস্থায় পরিবর্তন আনতে চাই। আমরা চাই, রোগ হওয়ার আগেই রোগ নির্ণয় করতে। এ জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিতে চাই।’
জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা এবং সংক্রমণের পরিস্থিতিতে করণীয় তুলে ধরেছেন। দেশের স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্ব দিতে হবে।
গত ১৭ বছরে শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যেসব ক্ষেত্রে উন্নয়ন হওয়ার কথা ছিল, সেসব ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হয়নি।’
শিশুদের ভবিষ্যতের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘সবার সাফল্য ও অর্জনের সুফল কোমলমতি শিশুদের কাছে পৌঁছে দিতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে।’
ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী কাজী মাহমুদউল্লাহ, বাংলাদেশ পেট্রলপাম্প সমিতির মহাসচিব মীর আহসান উদ্দিন পারভেজ এবং ঝালকাঠি বাস মালিক সমিতির সভাপতি আনিচুর রহমান তাপু।
এ ছাড়া বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ স ম মাহমুদুর রহমান পারভেজ, দৈনিক দূরযাত্রার সম্পাদক জিয়াউল হাসান পলাশ ও ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল।
বক্তারা জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে বক্তব্য দেওয়ায় ডা. জিয়াউদ্দিন হায়দারকে অভিনন্দন জানান। পাশাপাশি ঝালকাঠির উন্নয়ন ও জনকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
নেয়ামুল আহসান হিরন/তামান্না রুপা/
