
নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি: | বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬ ০৬:০৬
ছবি সংগৃহীত।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে আমাকে মনোনয়ন দিয়েছেন, একইভাবে আগামী ইউপি নির্বাচনেও তৃণমূলকে গুরুত্ব দেওয়া হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) চট্টগ্রামের ফটিকছড়ি সদরের একটি কমিউনিটি সেন্টারে বিএনপির চার ইউনিটের নেতাকর্মী ও তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় সরোয়ার আলমগীর বলেন, “গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এ অঞ্চলের বিএনপির নেতাকর্মীসহ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, মারমাসহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ আমাকে ভোট দিয়ে বিপুল ব্যবধানে বিজয়ী করেছেন। আপনাদের এই ঋণ কখনো শোধ করতে পারব না। আপনাদের সঙ্গে নিয়ে সমৃদ্ধ ফটিকছড়ি গড়তে কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফায় স্থানীয় মানুষের বিভিন্ন দাবি ও প্রত্যাশার প্রতিফলন রয়েছে। পর্যায়ক্রমে এসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সরোয়ার আলমগীর বলেন, বিএনপিতে অন্যায় করে পার পাওয়ার সুযোগ নেই। অন্যায়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর অবস্থানে রয়েছেন। প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক বিচারপতি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য ফয়সাল মাহমুদ ফয়েজী। তিনি বলেন, তৃণমূল হচ্ছে দলের প্রাণ। তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপিকে ক্ষমতায় এনেছেন। আগামী ইউপি নির্বাচনে আমি ও সংসদ সদস্য সরোয়ার আলমগীর তৃণমূলকে বেছে নেব।
তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে সংসদ সদস্য সরোয়ার আলমগীরকে সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নুরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা ফজল বারী, আবুল কালাম আজাদ, ফরিদুল আলম চেয়ারম্যান ও শাহনেওয়াজ সেবুলসহ স্থানীয় নেতারা।
ভূজপুরে ১৫ লাখ টাকার রাবার জব্দ, কভার ভ্যানসহ আটক ৩

এম. আজগর সালেহী, ভুজপুর | বুধবার ২১ অক্টোবর ২০২৬ ১১:০৬

ছবি সংগৃহীত।
ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুরে চট্টগ্রাম শহরে পাচারের সময় প্রায় ১৫ লাখ টাকা মূল্যের চোরাই রাবার উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৭টার দিকে দাঁতমারা ইউনিয়নের ছোট বেতুয়া এলাকা থেকে রাবারবোঝাই একটি কভার ভ্যান আটক করা হয়। এ সময় গাড়ির চালক ও সহকারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- দাঁতমারা ইউনিয়নের হাসনাবাদ মুন্সিপাড়া এলাকার আজমখানের ছেলে আমির হোসেন (২৩), একই এলাকার রফিকুলের ছেলে শহিদুল ইসলাম (২১) এবং ভোলার চরফ্যাশন এলাকার হাবিবুল্লাহর ছেলে মোহাম্মদ সেলিম (৩১)। সেলিম কভার ভ্যানটির চালক বলে জানা গেছে। অন্য দুজন রাবার চোর সিন্ডিকেটের সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দাঁতমারা পুলিশ নেতৃত্বে অভিযান চালিয়ে চট্টগ্রাম মেট্রো-ন ২৩২৩-৩৮ নম্বর প্লেটযুক্ত কভার ভ্যানটি আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে আনুমানিক ৬ থেকে ৭ টন রাবার পাওয়া যায়। উদ্ধার করা রাবারের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উদ্ধার করা রাবার দাঁতমারা ইউনিয়নের হাসনাবাদ জমাদারপাড়ার রফিকের ছেলে যুবলীগ নেতা জাহেদের বলে জানা গেছে। জাহেদ উত্তর ফটিকছড়ির চোরাই রাবার চক্রের গডফাদার। গত আওয়ামী লীগের আমল থেকে তার অপরাধ জগতের বিস্তার হয়ে, এখন বেপরোয়া হয়ে উঠছে।
উল্লেখ্য, এশিয়ার বৃহত্তম রাবার বাগান হিসেবে পরিচিত দাঁতমারা রাবার বাগান থেকে দীর্ঘদিন ধরে রাবার চুরির অভিযোগ রয়েছে। অনুসন্ধানসংশ্লিষ্ট সূত্রের দাবি, বাগান থেকে প্রতিবছর বিপুল পরিমাণ রাবার চুরি হয়ে অবৈধভাবে বিক্রি ও পাচার করা হচ্ছে। এ ঘটনায় রাবার বাগানের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিনের সহায়তা রয়েছে বলেও অভিযোগ উঠেছে। তবে তিনি বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন।
স্থানীয়দের অভিযোগ, একাধিক চক্র দীর্ঘদিন ধরে বাগানের রাবার চুরির সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ডের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
তবে প্রতিবছর শতকোটি টাকার রাবার চুরি, শ্রমিক ইউনিয়নের নেতাদের সম্পৃক্ততা, রাজনৈতিক মদদ সহ সকল অভিযোগ গুরুত্ব সহকারে যাচাইয়ের দাবি বহু পুরোনো। বরাবরই রাজনৈতিক পালাবদলে চোরের সিন্ডিকেট পরিবর্তন হয়, চুরি বন্ধ হয় না।
দাঁতমারা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বরকত উল্লাহ রাবার ও কভার ভ্যান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা রাবার, গাড়ি এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
উদ্ধার হওয়া ৬ থেকে ৭ টন রাবার কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, এর প্রকৃত মালিক কারা এবং শহরে পাচারের পেছনে আর কারা জড়িত? এসব প্রশ্নের উত্তর উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দাঁতমারা রাবার বাগানে দীর্ঘদিনের চুরির অভিযোগ খতিয়ে দেখা প্রয়োজন মনে করছে সচেতন মহল।
ফটিকছড়িতে পরিবেশ দূষণ করায় পাঁচ যানবাহনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি | সোমবার ১৯ অক্টোবর ২০২৬ ০৪:২৬

ছবি সংগৃহীত।
চট্টগ্রামের ফটিকছড়িতে পরিবেশ দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ যানবাহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম এ আদালত পরিচালনা করেন।
পরিচালিত অভিযানে পরিবেশ দূষণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬ (২) লঙ্ঘনের দায়ে বিধি ১৯ (২) অনুযায়ী প্রতিটি যানবাহনকে দুই হাজার করে মোট ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
আদালতে প্রসিকিউটর ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মাঈনুদ্দীন ফয়সল এবং সহায়তায় ইউএনওর কার্যসহকারি বাপ্পী কুমার দে।
ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘পরিবেশ দূষণ প্রতিরোধ ও পরিবেশ সংরক্ষণে আইন বাস্তবায়নের লক্ষে এ ধরনের অভিযান অব্যাহত এবং ভবিষ্যতে ক্রমেই বাড়তে থাকবে।’
ফটিকছড়িতে হাজী জুজিয়া বেগম যুব ফাউন্ডেশনের শারদীয় বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি: | রবিবার ১৮ অক্টোবর ২০২৬ ০৭:০৯

ছবি সংগৃহীত।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শারদীয় বস্ত্র বিতরণ করেছে হাজী জুজিয়া বেগম যুব ফাউন্ডেশন।
গত রোববার (১৮ অক্টোবর) বিকেলে ভূজপুর শ্রীশ্রী শ্মশান কালী মঠ ও মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। মোহাম্মদনগর চা-বাগানের ব্যবস্থাপনা পরিচালক ও হাজী জুজিয়া বেগম যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমান সিকদার টুটুলের পৃষ্ঠপোষকতায় এ শারদীয় বস্ত্র বিতরণ করা হয়।
শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ দে আশীষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিংহরিয়া শ্রীশ্রী শ্মশান কালী মঠ ও মন্দিরের সভাপতি বুলবুল কান্তি দে। বিশেষ অতিথি ছিলেন মুকুল কান্তি দেব।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও কর আইনজীবী টিটু কুমার দে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূজপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি কুতুব উদ্দিন, ভূজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি জহির উদ্দিন বাবার, ইউপি সদস্য নুরুল আলম প্রকাশ গুরা মিয়া, মো. লোকমান হোসেন, তপন ওয়েদ্দাদার বাবু, মো. তারেক আজিজ, যুবদল নেতা বাহাদুর আলম ও ক্রীড়া সংগঠক রেজাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের হাতে শারদীয় বস্ত্র তুলে দেওয়া হয়।
