‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ’—প্রতিপাদ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ ও স্যানিটেশন মাস অক্টোবর উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) টুঙ্গিপাড়া পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (এলজিইডি) সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জহিরুল আলম। আলোচনা সভায় হাত ধোয়ার গুরুত্ব, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সুস্থ থাকতে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার বিষয়ে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন ও উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, রোগজীবাণুর সংক্রমণ প্রতিরোধ এবং ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত ও সংক্রামক রোগের ঝুঁকি কমাতে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার বিকল্প নেই। খাবার খাওয়ার আগে, শৌচাগার ব্যবহারের পর এবং দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজের পর সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
