ঢাকা: রাজধানীর আশুলিয়া থেকে অপহৃত ২ বছরের শিশু মীম আক্তারকে টাঙ্গাইল থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকা অপহরণকারী গৃহকর্মী মোছা. বেলী বেগমকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এসআরবি-৪ সদর দফতর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাতে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন খালপাকুটিয়া দেওলাবাড়ি এলাকায় এসআরবি-৪ এবং এসআরবি-১৪ অভিযান চালিয়ে অপহরণকারীকে গ্রেফতার ও শিশুটিকে উদ্ধার করে।
এসআরবি জানায়, অপহৃত শিশু মীমের পরিবার ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পলাশবাড়ী বটতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে এবং শিশুটির মা একজন পোশাক শ্রমিক। কর্মস্থলে থাকাকালীন মেয়েকে দেখাশোনার জন্য গত ১ সেপ্টেম্বর বেলী বেগমকে গৃহকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত ৮ সেপ্টেম্বর দুপুরে শিশুটিকে গৃহকর্মীর কাছে রেখে গার্মেন্টসে যান মা রাবেয়া আক্তার। রাত ১০টায় কাজ শেষে বাসায় ফিরে দেখেন তার সন্তান ও গৃহকর্মী কেউ বাসায় নেই। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন ভিকটিমের মা।
এসআরবি আরও জানায়, ঘটনার পর পরই এসআরবি-৪ গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনুসন্ধানে নেমে বেলী বেগমের একটি পুরাতন ডিভোর্স লেটারের সূত্রে টাঙ্গাইলের একটি ঠিকানা পাওয়া যায়। কিন্তু সেখানে প্রায় ১৫ বছর ধরে আসামি থাকেন না বলে জানা যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাটাইলে বেলী বেগমের ৩য় স্বামীর বর্তমান অবস্থান শনাক্ত করে এসআরবি। সেখানে যৌথ অভিযান চালিয়ে গৃহকর্মী বেলী বেগমকে গ্রেফতার করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত শিশু মীমকে জীবিত উদ্ধার করা হয়।
শিশুটিকে হস্তান্তরের বিষয়ে এসআরবি জানায়, উদ্ধারকৃত শিশুটিকে তার পরিবারের নিকট হস্তান্তর করেছে এসআরবি-৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
