সোনাহাট স্থলবন্দরে টানা সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে টানা সাত দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত................
বাংলাদেশ
প্রতিনিধি :: correspondentশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে টানা সাত দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে পণ্য পরিবহন স্থগিত রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থলবন্দর সূত্রে জানা গেছে, দুর্গাপূজার ছুটির কারণে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ও ভারতের সিঅ্যান্ডএফ এজেন্টদের সম্মিলিত সিদ্ধান্তে আমদানি-রপ্তানি বন্ধের এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে বন্দর কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এ ছাড়া সোনাহাট স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমেও এই ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়।
টানা সাত দিন ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্যবাহী ট্রাক পারাপার ও আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই সময়ে বন্দরের কিছু দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭, ১৮ ও ১৯ অক্টোবর বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম এবং কাস্টমসের নিয়মিত কাজ পুরোপুরি স্বাভাবিক নিয়মে চলবে।
পূজার ছুটি শেষে আগামী ২৪ অক্টোবর থেকে সোনাহাট স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পুনরায় যথানিয়মে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক বদিউজ্জামান।
বাংলাদেশ জার্নাল/ওএফ