সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: কপ৩১-এর আগে ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০২:০৬ পিএম
ছবি: খবরের কাগজ
-->তুরস্কে অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলন কপ-৩১ কে সামনে রেখে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিতে সাতক্ষীরায় এক জলবায়ু পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এই পদযাত্রার আয়োজন করে।
সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড় থেকে পদযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আরও পড়ুন
এর আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশ ও পক্ষগুলোকে ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। বৈশ্বিক উষ্ণায়নে সবচেয়ে কম ভূমিকা রেখেও উপকূলীয় অঞ্চলের মানুষকে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হচ্ছে।
বক্তারা আরও বলেন, দিন দিন বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। এর প্রভাবে প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা ও ক্ষয়ক্ষতি বাড়ছে। বাংলাদেশের উপকূলীয় জেলা সাতক্ষীরার মানুষ দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা করছেন। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার কারণে তাদের বসতভিটা, কৃষিজমি, জীবিকা ও সুপেয় পানির উৎস ক্ষতিগ্রস্ত হচ্ছে। বারবার দুর্যোগে নিঃস্ব হয়ে অনেক মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন। জীবিকার তাগিদে তাদের কেউ কেউ অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন।
তারা বলেন, কপ-৩১ কে সামনে রেখে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা, উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতে জোরালো দাবি তুলে ধরতে হবে।
গ্রীন কোয়ালিশনের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু আফফান রোজ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- সাতক্ষীরা জলবায়ু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, গ্রীন কোয়ালিশনের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত, জেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের সদস্যসচিব ও জ্যেষ্ঠ সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সদর উপজেলা পানি কমিটির সভাপতি মো. মফিজুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য জ্যোতি সরকার প্রমুখ।
নাজমুল জাকির/খাদিজা রুমি/
আরও পড়ুন
ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পিএম
আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০২:০১ পিএম
ছবি: সংগৃহীত
-->ঝালকাঠি জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজল রেখা (৩৫) নামে মাদক মামলার এক নারী হাজতির মৃত্যু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাতে কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঝালকাঠি জেলা কারাগারের সুপার মোহাম্মদ বিকাশ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
কাজল রেখা নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ এলাকার আরিফ হোসেনের স্ত্রী।
কারাগার সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর ইসলামাবাদ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাজল রেখাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০টি ইয়াবা ও ১০৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। ওই মাদক মামলায় গ্রেপ্তারের পর থেকে তিনি ঝালকাঠি জেলা কারাগারে বন্দি ছিলেন।
তবে কাজল রেখার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নেয়ামুল হিরন/খাদিজা রুমি/
আরও পড়ুন
সিলেটে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, ওসিসহ আহত ২০
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পিএম
ইনডোর ফুটবল খেলাকে কেন্দ্র করে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুরে দুই গ্রামের সংঘর্ষ।ছবি: ভিডিও থেকে সংগৃহীত
-->সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুরে ইনডোর ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তাজপুর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে তাজপুর বাজারে ইনডোর ফুটবল খেলাকে কেন্দ্র করে খাদিমপুর ও চান্দপুর গ্রামের লোকজনের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এ নিয়ে সালিশের উদ্যোগ নেওয়া হলেও সিদ্ধান্ত না মানায় একপর্যায়ে দুই গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রথমে অল্পসংখ্যক লোকজনের মধ্যে মারামারি শুরু হলেও পরে উভয় পক্ষের শত শত মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ব্যবহার করা হয়। সংঘর্ষ চলাকালে অনেকে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে অবস্থান নেন।
আরও পড়ুন
তাজপুর বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত কয়েকজনকে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, তাজপুর বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আমিও আহত হয়েছি। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
শাকিলা ববি/খাদিজা রুমি/
আরও পড়ুন
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পিএম
আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪০ পিএম
ছবি: খবরের কাগজ
-->ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) ও আকাশ মালদার ওরফে হাসিব (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার চেইন, পিতল ও তামার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- আখাউড়া বড় বাজার এলাকার জারু মিয়া ওরফে আকবর হোসেন এবং মালদারপাড়া এলাকার আকাশ মালদার ওরফে হাসিব। পলাতক রয়েছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বাসিন্দা তাজুল ইসলাম (৬২)। তিনি আখাউড়ার মসজিদপাড়ায় ভাড়া থাকতেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১১ অক্টোবর রাত সাড়ে ১০টা থেকে ১২ অক্টোবর সকাল ৭টার মধ্যে কোনো একসময় আখাউড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রাধানগর এলাকার শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ একাধিক দল গঠন করে তদন্ত শুরু করে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে জারু মিয়াকে আটক করা হয়।
আরও পড়ুন
জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন এবং এ ঘটনায় আকাশ মালদারের সম্পৃক্ততার তথ্য দেন। পরে অভিযান চালিয়ে আকাশকেও আটক করা হয়।
জারু মিয়ার বাড়ি থেকে তার দেখানো মতে, দুই আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, চারটি ইমিটেশনের মুকুট, দুটি বাঁশি, একটি চাঁদ ও একটি রুপার চেইন উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তার দুজনকে নিয়ে অভিযান চালিয়ে পলাতক তাজুল ইসলামের আখাউড়া থানাধীন মসজিদপাড়ার ভাঙারির দোকান থেকে আরও মালামাল উদ্ধার করা হয়।
উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে- রাধারানির একটি বড় পিতলের মূর্তি, গৌর-নিতাইয়ের দুটি পিতলের মূর্তি, গোপালের একটি ছোট পিতলের মূর্তি, একটি পিতলের কাঁসি, একটি পিতলের গাছা, একটি পঞ্চপ্রদীপ, তিন জোড়া পিতলের করতাল, একটি তামার বাটি, ছোট-বড় দুটি তামার কোসাকুসি, একটি পিতলের প্রদীপদানি ও শঙ্খ রাখার একটি পিতলের স্ট্যান্ড।
চুরির ঘটনায় ১২ অক্টোবর আখড়া কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ বাদী হয়ে মামলাটি করেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক আরেক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
জুটন বনিক/রিফাত/
আরও পড়ুন
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০১:১৯ পিএম
ছবি: খবরের কাগজ
-->জয়পুরহাটে ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়।
পরবর্তীতে সার্কিট হাউজ মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ করণীয় অগ্নিনির্বাপণ বিষয়ে একটি বাস্তবধর্মী সচেতনতামূলক মহড়া প্রদর্শিত হয়।
আরও পড়ুন
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আল-মামুন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শরীফুল ইসলাম ও জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।
সভায় বক্তারা বলেন, যেকোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সচেতনতা প্রয়োজন। দুর্যোগ মোকাবিলায় শুধুমাত্র সরকারের ওপর নির্ভর না করে প্রত্যেককে নিজ ঘর থেকেই সচেতনতা শুরু করার আহ্বান জানানো হয়।
সাগর কুমার/খাদিজা রুমি/
