কালবেলা · আন্তর্জাতিক
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলা, তীব্র নিন্দা তুরস্কের
১১/১০/২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হুতিদের সর্বশেষ হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। রোববার (১১ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হুতিদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে আঙ্কারা।
হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে তুরস্ক। পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছে দেশটি। এ ঘটনায় সৌদি জনগণের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, বেসামরিক অবকাঠামো ও নিরপরাধ মানুষের ওপর ইচ্ছাকৃত হামলা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
এ ধরনের হামলা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে। একই সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে। তাই এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে তুরস্ক।
বিবৃতিতে সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি তুরস্কের সমর্থনও পুনর্ব্যক্ত করা হয়েছে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বেসামরিক স্থাপনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
সূত্র: আনাদোলু এজেন্সি
মূল প্রতিবেদনে যান ↗