রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে ব্যবহৃত বাসের ছবি দিয়ে ফেসবুকে করা একটি পোস্টে স্নাইপার দিয়ে গুলি করার ইঙ্গিতপূর্ণ মন্তব্যের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার যুবক আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৫ অক্টোবর) কারাগারে আটক থাকা আসামিকে এদিন আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক মো. ইয়াছিন পাইক সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
সেই আবেদনে বলা হয়, দেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্ত ও রাষ্ট্রপ্রধানের ওপর হামলার উসকানি দেওয়ায় জড়িত অন্যান্য অজ্ঞাত আসামিদের তথ্য উদ্ঘাটনে সিদ্দিককে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।
যে কারণে আদালতে তার রিমান্ডের আবেদন করা হয়েছে—মামলার মূল রহস্য উদ্ঘাটন করা। বাংলাদেশের সরকারপ্রধানকে হত্যার চেষ্টার ষড়যন্ত্রকারীদের চিহ্নিত ও গ্রেপ্তার করা।
বক্তব্যের নেপথ্যে কোনো সুসংগঠিত সন্ত্রাসী গোষ্ঠী বা স্নাইপার বা অস্ত্র সরবরাহকারী চক্র জড়িত আছে কি না, তা নিশ্চিত করা। গ্রেপ্তার আসামি কোনো সুসংগঠিত সন্ত্রাসী গোষ্ঠী বা চক্রের কিংবা নিষিদ্ধ সংগঠনের সদস্য কি না, তা অনুসন্ধান করা। মামলার ঘটনার সঙ্গে কোনো চক্র বা মাস্টারমাইন্ডের সম্পৃক্ততা বা উপস্থিতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা। আসামির নিকট হতে জব্দকৃত আলামত ছাড়াও অন্য কোনো ডিভাইস বা ডিজিটাল আলামত উদ্ধার ও জব্দ করা।
বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠী জড়িত আছে কি না, তা অনুসন্ধান করা। আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করে মামলার মূল রহস্য উদ্ঘাটনসহ অজ্ঞাতনামা আসামিদের তথ্য সংগ্রহ করা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত শুনানি শেষে আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারির সময় ‘THE BEAUTY OF RAJSHAHI’ নামে একটি ফেসবুক গ্রুপে ‘Maisa Anjum’ নামে আইডি থেকে পোস্ট করা প্রধানমন্ত্রীকে বহনকারী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাসের ছবি দেখতে পায়। ওই পোস্টের মন্তব্যে ‘MD Abu Bokor Siddique’ নামের ফেসবুক আইডি থেকে লেখা হয়—‘ইস একটা বড় সুযোগ ছিলো, শুধু একটা স্নাইপার এর অভাব ছিলো।’
উসকানিমূলক ও হুমকিযুক্ত এই মন্তব্যের বিষয়টি নজরে আসার পরপরই তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে ডিবি পুলিশ। পরে ডিবি ও রাজশাহী মহানগর পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২১ অক্টোবর বিকেল ৫টায় রাজশাহীর পবা থানার ঘোল হাড়িয়া দক্ষিণপাড়া এলাকার একটি বাসা থেকে আবু বকর সিদ্দিক ও তার বাবা মো. আয়নাল হককে আটক করে।
অভিযানের সময় সিদ্দিকের কাছ থেকে ১টি স্মার্টফোন উদ্ধার ও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিদ্দিক তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে ওই কমেন্টটি করার কথা স্বীকার করেন। তবে তার বাবা সোশ্যাল মিডিয়া বা ঘটনার বিষয়ে কিছু না জানায় প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
এ ঘটনায় ঢাকা উত্তরের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের উপপরিদর্শক মো. মানিক হোসেন বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।
