পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা (অটোমেটেড কন্ট্রোল সিস্টেম—এসিএস) স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি, রাশিয়ার বাইরে রোসাটমের প্রথম প্রকল্প হিসেবে এ বিদ্যুৎকেন্দ্রে অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস) বাস্তবায়ন করা হচ্ছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোসাটমের অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস (রাসু) সরবরাহ করা এ ব্যবস্থায় ৪৩টি সিস্টেমের আওতায় প্রায় ২০ হাজার যন্ত্রপাতি রয়েছে। এসব যন্ত্রপাতির মাধ্যমে চুল্লির স্থিতিশীলতাসহ প্রক্রিয়াসংশ্লিষ্ট সাত হাজারের বেশি প্যারামিটার পর্যবেক্ষণ করা হবে। এতে বিদ্যুৎকেন্দ্রের নিরাপদ ও দক্ষ পরিচালনা নিশ্চিত করতে সহায়তা মিলবে।
এ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস)। বিদ্যুৎ ইউনিটের ডিজিটাল টুইন প্রযুক্তি ব্যবহার করে রাসু এ সিস্টেম তৈরি করেছে। প্রথম ইউনিটে ইতোমধ্যে এটি সংযুক্ত করা হয়েছে এবং স্টার্টআপ কার্যক্রমে অংশ নিচ্ছে। দ্বিতীয় ইউনিটেও একই ধরনের ব্যবস্থা স্থাপন করা হবে।
সিস্টেমটি ৩৬০টি প্রক্রিয়াসংশ্লিষ্ট সিস্টেম থেকে তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য বিচ্যুতি শনাক্ত করতে পারে। পাশাপাশি, জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে অপারেটরদের পরামর্শ দিতে ৮০টির বেশি নির্দেশিকা ব্যবহার করে।
জটিল পরিচালনাসংক্রান্ত তথ্য সহজবোধ্যভাবে উপস্থাপনের মাধ্যমে এ প্রযুক্তি অপারেটরদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে এবং জরুরি পরিস্থিতি আরও কার্যকরভাবে মোকাবিলা করতে সহায়তা করবে।
উল্লেখ্য, জেনারেশন ৩+ প্রযুক্তির দুটি ভিভিইআর-১২০০ চুল্লি নিয়ে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ বাস্তবায়ন করছে রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।
