স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর উপশহর এলাকায় পচা ফল দিয়ে জুস তৈরি, খাবার তৈরিতে পোড়া তেল ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুর থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক মো. আরিফ মুর্শেদ মিশুর নেতৃত্বে অভিযান চলে বিকেল ৩টা পর্যন্ত।
অভিযানে নগরীর উপশহরের শাহজালাল জুস অ্যান্ড কফি কর্নারকে পচা ও নষ্ট ফল দিয়ে জুস তৈরির দায়ে ১০ হাজার টাকা এবং জান্নাত লাইভ বেকারিকে খাবার তৈরিতে স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পোড়া তেল ব্যবহার ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া খাদ্যপণ্য তৈরির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখায় পিয়াইন ফুড অ্যান্ড জুস বারকে ৫ হাজার টাকা, খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রিতে অনিয়মের অভিযোগে রায়হান জুস অ্যান্ড কফি কর্নারকে ৫ হাজার টাকা এবং পণ্যের গায়ে মেয়াদসংক্রান্ত সঠিক তথ্য না থাকায় খাজা বেকারিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ব্যবসায়ীদের পচা ও নষ্ট ফল ব্যবহার না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং খাবার তৈরিতে স্বাস্থ্যসম্মত উপকরণ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি বৈধ অনুমোদন নিয়ে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়।
এ বিষয়ে ভোক্তার উপ-পরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সিলেটজুড়ে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
