গাজীপুরের টঙ্গীতে এক মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় শিক্ষক মো. মোসলেহ উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রোববার গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ওমর হায়দার এ আদেশ দেন। অভিযুক্ত মোসলেহ উদ্দিন টঙ্গীর মধ্য আউচপাড়ার ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উপাধ্যক্ষ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর মাদ্রাসাটির এক শিক্ষার্থীকে নিজ কক্ষে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে মোসলেহ উদ্দিনের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতিও দেখানো হয়। পরে বাড়িতে ফিরে শিশুটি তার পরিবারকে বিষয়টি জানায়।
পরদিন শিশুটির বাবা মাদ্রাসায় গিয়ে ঘটনার বিষয়ে শিক্ষকের কাছে জবাবদিহি চান। এ সময় ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন মাদ্রাসায় জড়ো হন এবং অভিযুক্ত শিক্ষককে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেয়।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে ওই মামলায় মোসলেহ উদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, মামলাটির তদন্ত চলছে। আদালতে ভুক্তভোগী শিশুটির জবানবন্দিও রেকর্ড করা হয়েছে।
এদিকে, অভিযুক্ত শিক্ষকের ওপর হামলা, মাদ্রাসায় ভাঙচুর ও টাকা লুটের অভিযোগে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকেও পাল্টা মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
