প্রকাশিত: ১৬:২৩, ২১ অক্টোবর ২০২৬
রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে হামের মতো উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এক শিশুকে তার বাবা পরম মমতায় বুকে জড়িয়ে ধরে রেখেছেন
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৫ জনে। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরো ১ হাজার ১০ শিশু।
বুধবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৩ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ৯৯৭ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২১ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১০১ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৪ শিশু।
দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ৭৬৫ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ২১২। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯২ হাজার ৬৯৫ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৮৫ হাজার ১১০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
