প্রকাশিত: ২২:২৪, ১৯ অক্টোবর ২০২৬ আপডেট: ২২:৩৩, ১৯ অক্টোবর ২০২৬
সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্লো ওভার রেটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তির মুখে পড়েছে বাংলাদেশ দল। এর জন্য জরিমানা গুনতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের। দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শনিবার (১৭ অক্টোবর) সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে নির্ধারিত সময়ের মধ্যে পুরো ওভার শেষ করতে পারেনি বাংলাদেশ। এ অপরাধে দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
আইসিসির এমিরেটস আন্তর্জাতিক ম্যাচ রেফারি প্যানেলের ডেভিড গিলবার্ট বাংলাদেশের বিরুদ্ধে এ শাস্তির সিদ্ধান্ত দেন। নির্ধারিত সময়ের মধ্যে হিসাব করার পরও বাংলাদেশ এক ওভার পিছিয়ে ছিল বলে জানায় আইসিসি।
আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড় সহায়ক কর্মীদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম করার জন্য দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।
বাংলাদেশের অধিনায়ক তাওহীদ হৃদয় অভিযোগ স্বীকার করে আইসিসির প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে, এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
মাঠের দুই আম্পায়ার আল্লাহউদ্দিন পালেকার ও ইজাতুল্লাহ সাফি, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার আহমেদ শাহ দুররানি বাংলাদেশের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ আনেন।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর তাওহীদ হৃদয়দের পরবর্তীতে ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান। ২১ অক্টোবর আবুধাবিতে ম্যাচটি হবে।
