নীতেশ তিওয়ারীর ‘রামায়ণ’ নিয়ে উত্তেজনা তুঙ্গে। মুক্তির অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা। এর মাঝেই নবমীর রাতে ছবির প্রচারে কলকাতায় হাজির হয়েছিলেন রণবীর কাপূর ও যশ। মুখোমুখি হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। সেখানেই ছবি নিয়ে বড় ঘোষণা করলেন শুভেন্দু।
রাজ্যে করমুক্ত করা হল নীতেশ তিওয়ারী পরিচালিত এই ছবিকে। মঙ্গলবার কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কে দশেরার অনুষ্ঠানে যোগ দিয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির অন্য কলাকুশলীরাও।
‘রামায়ণ’ ছবিতে রামের চরিত্রে দেখা যাবে রণবীরকে। সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ। ছবিটি দু’টি পর্বে মুক্তি পাওয়ার কথা। মঙ্গলবার সংবাদমাধ্যমকে শুভেন্দু বলেন, 'রামায়ণ ছবিটিকে করমুক্ত করা হয়েছে। ‘দ্য কেরালা স্টোরি’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর মতো ছবিও করমুক্ত করা হয়েছে বা হবে। ‘রামায়ণ’-এর ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
আগামী দিনেও ভারতীয় পুরাণ ও মহাকাব্য নিয়ে আরও ছবি তৈরি হওয়ার আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তার কথায়, 'আগামী দিনে শ্রীকৃষ্ণ ও অর্জুনকে নিয়ে ছবি দেখতে পাব আমরা। মহাভারত নিয়েও ছবি তৈরি হবে।'
নীতেশ তিওয়ারী পরিচালিত সিনেমাটি মুক্তি পেতে চলেছে চলতি বছরের ৫ নভেম্বর। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মলয়ালম ভাষায় ছবিটি মুক্তি পাবে। দ্বিতীয় পর্বটি মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালের দীপাবলিতে।
