‘আরশোলা’দের সমর্থনে সুর চড়ানোয় শাস্তির খাড়া নেমে এসেছে অভিনেতা ইমরানের খানের বিরুদ্ধে। আগামী ২৮ অক্টোবরের মধ্যে ইমরানকে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে নোটিস জারি করেছে মুম্বই পুলিশ। আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ‘জানে তু ইয়া জানে না’ অভিনেতাকে। এই ঘটনায় দ্বিধাবিভক্ত নেটভুবন। মায়ানগরীর সিনেপাড়ার কিছু সদস্য ইমরানের ঢাল হয়ে দাঁড়িয়েছেন আবার অনেকেই এই নির্দেশকে বাস্তবায়িত করার লক্ষ্যে আদা জল খেয়ে ময়দানে নেমেছেন। এহেন পরিস্থিতিতে বোমা ফাটালেন ইমরান খান!
মোদি বিরোধী পোস্টের জন্য তাঁকে পনেরো লক্ষ টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও তিনি সেই প্রস্তাব গ্রহণ না করেই ‘ককরোচ’দের আন্দোলনে যোগ দিয়েছেন। ইনস্টা স্টোরিতে ইমরান খানের ভেরিফায়েড অ্যাকাউন্ট ঠিক এরকমই একটি পোস্ট এক্স হ্যান্ডলে দাবানলের গতিতে সোশাল মিডিয়ায় ভাইরাল।
যেখানে কার্যত স্পষ্ট দেখা যাচ্ছে, ‘মোদি সরকার বিরোধী পোস্টের জন্য আমাকে ১৫ লক্ষ টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু, আমি কখনই সেই প্রলোভনের ফাঁদে পা দিইনি। সম্পূর্ণ বিনামূল্যেই আমি প্রতিবাদ কর্মসূচীতে অংশ নিয়েছিলাম।’ তবে ইমরানের ইনস্টাগ্রাম প্রোফাইল খতিয়ে দেখেও ওই ধরনের কোনও স্টোরি কিন্তু পাওয়া যায়নি।
Imra khan was offered 15 Lakh to hate on modi but he decided to do it for free. Warra chad
https://t.co/zeBBXjGvAj
— daksh. (@mythicbxrnn) October 14, 2026
নেটিজেনদের একাংশেরও অনুমান, স্ক্রিনশটটি ভুয়ো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে। ভাইরাল টুইটটির প্রতিক্রিয়ায় এক নেটিজেনের প্রতিক্রিয়া, ‘আবারও ভুয়ো স্ক্রিনশট! প্রতিদিন কোনও না কোনও সেলিব্রিটির নামে নতুন ভুয়ো স্ক্রিনশট ছড়ানো হয়।’
নেটভুবনের একাংশ আবার এই ভুয়ো পোস্টটিকেই সত্য বলে দাবি করছেন। সংবাদ প্রতিদিন ডিজিটালও এই পোস্টের সত্যতা যাচাই করতে পারেনি। ভাইরাল হওয়া পোস্টের বিরুদ্ধে ইমরানের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় কিনা এখন সেটাই দেখার।

