প্রকাশিত: ১৪:০৫, ১৩ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ডা. সেলিনা হায়াৎ আইভী। ফাইল ফটো
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। মামলায় তিনি ১১ নম্বর এজাহারভুক্ত আসামি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে শুনানি শেষে জামিন মঞ্জুর করে নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ।
এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম সড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ডাচ বাংলা ব্যাকের সামনে গুলিতে নিহত হন রিকশাচালক তুহিন। এ ঘটনায় তার স্ত্রী আলেয়া আক্তার মিম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ১৩ সেপ্টেম্বর মামলা করেন।
মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে ১ নম্বর আসামি করা হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমান। মামলাটিতে এজাহারনামীয় মোট আসামি ৯৯ জন। অজ্ঞাতনামা আরো ৩০০ জনকে আসামি করা হয়।
ডা. সেলিনা হায়াৎ আইভীর আইনজীবি আওলাদ হোসেন জানান, আজকে সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি দিন ধার্য ছিল। আমরা আদালতে পুর্নজামিনের আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করেন।
ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র।
