আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ সভা
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৩৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ফরিদপুরের আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও ডেটাবেইজ তৈরির বিষয়ে অবহিতকরণ সভা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদের মিনি কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হাবিব।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া আব্বাস, পৌর বিএনপির সভাপতি মো. রবিউল হক রিপন, পৌর বিএনপির প্রচার সম্পাদক মো. কামরুজ্জামান কদরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা।
সভায় জানানো হয়, ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশজুড়ে পরিবারগুলোর তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও সমন্বিত ডেটাবেইজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে যোগ্য পরিবারগুলোকে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় সহায়তা দেওয়ার লক্ষ্য রয়েছে।
সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন। পাইলট পর্যায়ে জুন পর্যন্ত দেশের আট বিভাগের ৪৪টি জেলার ৫৫টি উপজেলা ও সিটি করপোরেশনের ৫৭টি ইউনিটে ১ লাখ ১২ হাজার ৯৪টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। প্রক্সি মিনস টেস্ট (পিএমটি) স্কোরের ভিত্তিতে নির্বাচিত ৭১ হাজার ৮৩১ জন উপকারভোগীকে ভাতা দেওয়া হয়েছে বলে জানানো হয়।
এ ছাড়া ডিসেম্বর ২০২৬-এর মধ্যে দেশজুড়ে প্রায় ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করে ডেটাবেইজে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। চলতি অর্থবছরে নতুন করে ৪০ লাখ নারী পরিবারপ্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
