চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের দাবি উঠেছে। এ বছরই পরীক্ষা নিয়ে উত্তীর্ণদের চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ নিশ্চিত করার দাবি জানান শিক্ষার্থীরা। আর কোনো কারণে এ বছর বিশেষ পরীক্ষা আয়োজন সম্ভব না হলে অকৃতকার্য শিক্ষার্থীদের কলেজে ভর্তি এবং পরের বছর কলেজে অধ্যয়নরত অবস্থায় সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘এসএসসি ২০২৬ শিক্ষার্থী অধিকার আন্দোলন বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে তারা বলেন, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই কোনো শিক্ষার্থীর মেধা, সম্ভাবনা কিংবা ভবিষ্যৎ শেষ হয়ে যাওয়া নয়। কিন্তু পরীক্ষায় ফেল করার পর অনেক শিক্ষার্থী হতাশা ও অনিশ্চয়তায় পড়েছেন। তাদের অভিভাবকরাও সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।
শিক্ষার্থীদের ভাষ্য, পরীক্ষায় অকৃতকার্যদের ঘাটতি পূরণ এবং নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ দেওয়া দায়িত্বশীল শিক্ষাব্যবস্থার অংশ। তারা কোনো নিয়মবহির্ভূত সুবিধা চান না; বরং শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে মানবিক ও শিক্ষাবান্ধব সমাধান চান।
তারা আরও বলেন, একটি পরীক্ষার ফলের কারণে কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবনের ধারাবাহিকতা যেন অযথা ব্যাহত না হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিত উদ্যোগ ও প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত নিলে শিক্ষার্থীদের এক বছর পিছিয়ে পড়ার ঝুঁকি কমানো সম্ভব।
পাঁচ দফা দাবি: সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি তুলে ধরেন। তাদের প্রথম দাবি, এসএসসি ২০২৬ পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য চলতি বছরই বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা
আয়োজনের উদ্যোগ নিতে হবে।
দ্বিতীয়ত, পরীক্ষার সিলেবাস, মানবণ্টন, প্রশ্নপদ্ধতি, মূল্যায়ন পদ্ধতি ও অংশগ্রহণের যোগ্যতা সম্পর্কে দ্রুত সুস্পষ্ট নির্দেশনা প্রকাশ করতে হবে। তৃতীয়ত, শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতির সময় দিয়ে পরীক্ষার সময়সূচি ঘোষণা করতে হবে। পাশাপাশি পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা। চতুর্থ দাবিতে শিক্ষার্থীরা বলেন, বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণদের চলতি শিক্ষাবর্ষেই একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।
পঞ্চমত, কোনো অনিবার্য কারণে চলতি বছর বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজন সম্ভব না হলে অকৃতকার্য শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দিতে হবে। একই সঙ্গে পরবর্তী বছর কলেজে অধ্যয়নরত অবস্থায় তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার ব্যবস্থা করতে হবে।
শিক্ষার্থীরা বলেন, তাদের এই উদ্যোগ শান্তিপূর্ণ ও গঠনমূলক। অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ দিতে সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
