কালবেলা · সাধারণ
ভুয়া মামলা দিয়ে শতাধিক মানুষকে হয়রানি, সেই বিচারক বরখাস্ত
১৫/১০/২০২৬

ভুয়া মামলা দিয়ে শতাধিক মানুষকে হয়রানির অভিযোগে বর্তমানে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে, ভুয়া মামলা দিয়ে গাজীপুরে শতাধিক মানুষকে হয়রানির ঘটনায় একটি প্রতিবেদন প্রকাশিত হলে চারদিকে সমালোচনার ঝড় ওঠে। এরপরই আইন মন্ত্রণালয় থেকে বিচারক আরিফুল ইসলামের বিরুদ্ধে প্রশাসনিক এ ব্যবস্থা নেয়া হয়েছে।
সচিব (রুটিন দায়িত্ব) খাদেম উল কায়েসের সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, শরীয়তপুরের সাবেক সিনিয়র সহকারী জজ (পরবর্তীতে ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ) বর্তমানে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলামের বিরুদ্ধে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ এর বিধি ২ (ক) ও ২ (চ) অনুযায়ী যথাক্রমে ‘অদক্ষতা’ ও ‘অসদাচরণের’ অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। সেই সঙ্গে তার বিরুদ্ধে আনীত অভিযোগের যথাযথ তদন্ত ও অনুসন্ধানের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট পরামর্শ প্রদান করেছেন।
এই অবস্থায় বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭-এর বিধি ১১ অনুযায়ী লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত (Suspend) করা হয়েছে।
তবে সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা প্রাপ্ত হবেন বলে জনস্বার্থে জারি করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗