উভয় দেশের মধ্যে হালাল সনদ ও চিহ্নের পারস্পরিক স্বীকৃতি আনুষ্ঠানিক রূপ দিতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সিঙ্গাপুর ও ব্রুনেই। গত ১৪ অক্টোবর এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
দুই দেশের ইসলাম ধর্মীয় পরিষদের প্রধান প্রতিনিধিরা এতে স্বাক্ষর করেন। তারা হলেন- সিঙ্গাপুরের ইসলামিক রিলিজিয়াস কাউন্সিলের প্রধান নির্বাহী কাদির মাঈদিন এবং ব্রুনেই ইসলামিক রিলিজিয়াস কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব পেঙ্গিরান আহমাদ ফারিস রামাদানি।
এ সময় উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের মুসলিমবিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী জাকি মুহাম্মদ এবং তার ব্রুনেইয়ের সমপদস্থ ধর্মবিষয়ক মন্ত্রী মোহদ তাশিম বিন হাসান।
স্বাক্ষর অনুষ্ঠানের পর প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হালাল সনদ ও চিহ্নের পারস্পরিক স্বীকৃতি দুই দেশের দ্বিপক্ষীয় হালাল সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এই চুক্তি সিঙ্গাপুর ও ব্রুনেইয়ের মধ্যে হালাল বাণিজ্য সহজ করবে এবং হালাল সনদপ্রাপ্ত পণ্যের বিষয়ে ভোক্তাদের আস্থা আরো দৃঢ় করবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এর ফলে হালাল সনদ প্রদানের প্রক্রিয়ায় একই কাজের পুনরাবৃত্তি কমবে। পাশাপাশি ব্যবসায়ী ও ভোক্তারা আরো বেশি নিশ্চয়তা পাবেন। তবে উভয় দেশের হালাল সনদব্যবস্থার স্বচ্ছতা, নির্ভরযোগ্যতা ও অখণ্ডতা বজায় থাকবে।
জাকি মুহাম্মদ বলেন, সিঙ্গাপুর ও ব্রুনেইয়ের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দুই দেশের মুসলিম জনগোষ্ঠী ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যেও এই সম্পর্ক বিদ্যমান।
কাদির মাঈদিন বলেন, হালাল সনদ ও চিহ্নের পারস্পরিক স্বীকৃতির মাধ্যমে আমরা নিজ নিজ সনদব্যবস্থার নির্ভরযোগ্যতা ও কঠোর মানদণ্ড আরো দৃঢ়ভাবে বজায় রাখতে পারব। ফলে উভয় দেশের হালাল সনদপ্রাপ্ত পণ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ভোক্তারা আরো বেশি নিশ্চয়তা পাবেন।
