ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
Published : 22 Oct 2026, 10:24 AM
Updated : 22 Oct 2026, 10:24 AM
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে মসজিদ, ঝুট গুদাম, তুলার গুদামসহ দোকানপাট পুড়ে গেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২নং সিঅ্যান্ডবি বাজারে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৩টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
কিন্তু আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় পরে শ্রীপুর ফায়ার স্টেশনের আরো একটি ও রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ৫টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, আগুনে একটি মসজিদ, ঝুট ও তুলাম গুদাম, সেনেটারি দোকান, কয়েকটি মুরগির দোকান, ভাঙ্গারির দোকান পুড়ে যায়। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।
