কমিশন ও বিভিন্ন চার্জ নিয়ে আপত্তির বিষয়ে বেঁধে দেওয়া সময়সীমা পার হলেও ফুডপান্ডার কাছ থেকে কোনো সাড়া পাননি চট্টগ্রামের রেস্তোরাঁ মালিকেরা। এ কারণে অনলাইন খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানটির সেবা বর্জনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির চট্টগ্রাম মহানগর শাখা।
গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নগরের বারকোড ফুড জাংশন রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মনজুরুল হক।
সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ফুডপান্ডার বিভিন্ন কমিশন, চার্জ ও ব্যবসায়িক নীতিমালা নিয়ে আপত্তি জানিয়ে প্রতিষ্ঠানটিকে ১৫ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে ফুডপান্ডার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে বয়কট কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রামের রেস্তোরাঁ মালিকেরা।
রেস্তোরাঁ মালিকদের অভিযোগ, ফুডপান্ডার কমিশন ও বিভিন্ন ধরনের চার্জের কারণে তাঁদের ব্যবসা পরিচালনায় আর্থিক চাপ তৈরি হচ্ছে। এ ছাড়া প্রতিষ্ঠানটির ব্যবসায়িক নীতিমালা নিয়েও তাঁদের আপত্তি রয়েছে।
মালিকদের দাবি, এসব বিষয়ে কার্যকর সমাধান না আসা পর্যন্ত ফুডপান্ডার সেবা বর্জনের সিদ্ধান্ত বহাল থাকবে। সমস্যাগুলোর সমাধানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলে পরবর্তী সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিআলো/শিলি